শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম
৪২৪ Shares
ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ যেন নতুন করে নিজেদের খুঁজে পেয়েছে। লিগে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে তিন পয়েন্টে।

একটা সময় ছিল, রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়া কিছু ভাবাই যেত না। প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়ানো, গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে যাওয়া, ড্রিবলিংয়ে দর্শকদের চমকে দেওয়া—ব্রাজিলিয়ান এই উইঙ্গার যেন রিয়ালের আক্রমণের অপরিহার্য এক অস্ত্র। কিন্তু ফুটবলে কারও জন্য জায়গা চিরস্থায়ী নয়। বিশেষ করে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে।

ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদ যেন নতুন করে নিজেদের খুঁজে পেয়েছে। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে তিন পয়েন্টে। অথচ এই সময়ে দলের সঙ্গে ছিলেন না ভিনিসিয়ুস। প্রতিপক্ষের চুল টানার ঘটনায় ঘরোয়া ফুটবলে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। তাঁকে ছাড়াই বার্সেলোনার মাঠে ‘এল ক্লাসিকো’য় লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়েছে রিয়াল। এরপর সেভিয়া, রেসিং সান্তানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষেও জিতেছে। ভিনিসিয়ুসের জন্য এর চেয়ে অস্বস্তির খবর আর কী হতে পারে!

রিয়ালের হয়ে তাঁর জায়গা যে কতটা নড়বড়ে হয়ে গেছে, সেটির প্রমাণও মিলছে। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি দামে কেনা ফুটবলার ইয়ান দিওমান্দে নিজের কাজটা দারুণভাবে করে যাচ্ছেন। সর্বশেষ আট ম্যাচে করেছেন চার গোল। বাঁ প্রান্তে জায়গা করে নেওয়ার দাবিও জোরালো করেছেন।

ভিনিসিয়ুস অবশ্য নিষেধাজ্ঞার সময়ে পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন না। চ্যাম্পিয়নস লিগে এএইকে এথেন্স ও লাইপজিগের বিপক্ষে জিতেছে রিয়াল। দুই ম্যাচেই খেলেছেন। কিন্তু কয়েক বছর ধরে রিয়ালের আক্রমণে যে বিধ্বংসী ভিনিসিয়ুসকে দেখা গেছে, তার ছায়াও যেন পাওয়া যায়নি।

২০১৮ সালে ফ্লামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। এরপর নিজেকে বিশ্বের অন্যতম বিপজ্জনক আক্রমণাত্মক ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০২২ ও ২০২৪ সালে রিয়ালের চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনেও ছিল তাঁর বড় অবদান। কিন্তু এবারের মৌসুমে সেই ভিনিসিয়ুস কোথায়?

রিয়ালের হয়ে আগস্টে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে করা গোলটিই এ মৌসুমে তাঁর একমাত্র গোল। যদিও ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে পাঁচ গোল করেছেন। ব্রাজিলের কোচ এখন তাঁরই সাবেক রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। জাতীয় দলের জার্সিতে যেন আবার নিজের পুরোনো আনন্দটা খুঁজে পেয়েছেন ভিনিসিয়ুস। সেই আনন্দ কি ক্লাব ফুটবলেও ফিরবে?

ভিনিসিয়ুস নিজেও বুঝতে পারছেন, সমস্যাটা কোথায়। এবারের গ্রীষ্মে রিয়াল ছাড়ার গুঞ্জন উঠেছিল তাঁকে নিয়ে। শেষ পর্যন্ত ২০৩২ সাল পর্যন্ত নতুন চুক্তিও করেছেন। কিন্তু এর আগে নিজের প্রস্তুতিতে যে ঘাটতি ছিল, সেটি স্বীকার করতে দ্বিধা করেননি।

বিশ্বকাপে নরওয়ের কাছে শেষ ষোলোতে বিদায় নেয় ব্রাজিল। আর্লিং হলান্ডের দলের কাছে সেই হার ভিনিসিয়ুসের ওপরও প্রভাব ফেলেছিল। এ সপ্তাহে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘বিশ্বকাপের পর আমি যতটা ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারতাম, ততটা করিনি বলে মনে হয়। কারণ, ওই টুর্নামেন্টের প্রভাব সব ব্রাজিলিয়ানের জন্যই অনেক বড়। এত দ্রুত বাদ পড়ব, এটা আমরা আশা করিনি।’

এরপর ছুটির দিনগুলোতে পরিবারকে সময় দিয়েছেন, বিশ্রাম নিয়েছেন। অনুশীলনও করেছেন আগের বছরগুলোর তুলনায় কম। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাঁকে মানসিকভাবে চাপে ফেলেছিল বলেও জানিয়েছেন। তাঁর ভাষায়, নিজেকে অনেকটা ‘অভিভূত’ মনে হচ্ছিল। ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর একই মান ধরে রাখার কঠিন বাস্তবতাও তুলে ধরেছেন ভিনি, ‘আমার মনে হয়, ক্রিস্টিয়ানো রোনালদো ও (লিওনেল) মেসি ছাড়া আর কেউ এত বছর ধরে একই পর্যায়ে একই মান ধরে রাখতে পারেনি। আমি মানুষ, প্রায়ই ভুল করি। তবে সব সময় নিজেকে উন্নত করার চেষ্টা করি।’

ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের বদলে যাওয়ার ছবি নজর এড়ায়নি সাবেক রিয়াল ফুটবলার প্রেদ্রাগ মিয়াতোভিচেরও। স্প্যানিশ রেডিও ক্যাদেনা সেরকে তিনি বলেছেন, ভিনিসিয়ুসকে জাতীয় দলের হয়ে খেলতে বেশি সুখী মনে হচ্ছে। মিয়াতোভিচের কথায়, ‘আমার মনে হয়, গত গ্রীষ্মটা ভিনিসিয়ুসকে বেশ আঘাত করেছে। তখন সে ভাবছিল, থাকবে কি থাকবে না, চুক্তি নবায়ন করবে কি করবে না। এ বছর তার প্রতিদ্বন্দ্বিতাও বেড়েছে।’

দিওমান্দের পারফরম্যান্সের কথা উল্লেখ করে মিয়াতোভিচ আরও বলেছেন, ‘এই পজিশনে দিওমান্দে ভালো খেলছে। এখন সিদ্ধান্ত নিতে হবে মরিনিওকে। তবে একটা বিষয় পরিষ্কার, ভিনি যখন খুশি থাকে, তখন ভালো খেলে। আর আমার মনে হয়, এখানে খেলার চেয়ে জাতীয় দলের হয়ে খেলতে সে অনেক বেশি খুশি।’ মিয়াতোভিচের ‘এখানে’ বলতে আসলে রিয়াল মাদ্রিদ।

তবে ভিনিসিয়ুসের পক্ষে আশার জায়গাও আছে। গত মৌসুমেও ডিসেম্বর পর্যন্ত তাঁর গোল ছিল মাত্র পাঁচটি। পরে মৌসুম শেষ করেছেন ২০টির বেশি গোল নিয়ে। সর্বশেষ পাঁচ মৌসুমের প্রতিটিতেই রিয়ালের হয়ে অন্তত ২২টি গোল করেছেন। অর্থাৎ মৌসুমের দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠার অভিজ্ঞতা তাঁর আছে।

নিজেদের সমর্থকদের কাছ থেকেও কখনো কখনো দুয়ো শুনতে হয়েছে ভিনিসিয়ুসকে। মাঠে তাঁর আচরণ, পারফরম্যান্স, গোলের খরা—সব মিলিয়ে সমালোচনা কম হয়নি। তবে কোচ হোসে মরিনিও এখনো তাঁর ওপর আস্থা হারাননি। বরং পুরোনো ভিনিসিয়ুসকে ফিরিয়ে আনার অপেক্ষায় আছেন। গত সেপ্টেম্বরে মরিনিও বলেছিলেন, ‘সেরা ফর্মে থাকা ভিনি ম্যাচ শেষ করে দেয়। যেমন অতীতে আমার দল বেনফিকাকে সে শেষ করে দিয়েছিল।’ সেই ভিনিসিয়ুসকে আবার দেখতে চান মরিনিও। ব্রাজিলের হয়ে পাওয়া আনন্দ যদি রিয়ালেও ফিরে আসে, তাহলে সেটি অসম্ভব নয়।

কিন্তু আপাতত তাঁর সামনে কঠিন পরীক্ষা। শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে নিজেদের মাঠে খেলবে রিয়াল। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ভিনিসিয়ুসের ফেরার সুযোগ আছে। এই ম্যাচ জিতলে অন্তত সাময়িকভাবে বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমান হতে পারবে রিয়াল। তবে ভিনির শুধু মাঠে ফিরলেই হবে না; ফিরতে হবে নিজের পুরোনো রূপে।

কারণ, রিয়াল মাদ্রিদে অতীতের পারফরম্যান্স দিয়ে বর্তমানের জায়গা ধরে রাখা যায় না। এখানে প্রতিটি ম্যাচই নতুন করে নিজেকে প্রমাণের পরীক্ষা। আর ভিনিসিয়ুসের সামনে এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ কোনো ডিফেন্ডার নন, তাঁর নিজের জায়গায় দারুণ খেলে যাওয়া এক তরুণ সতীর্থ।

সূত্র: প্রথম আলো