রোহিঙ্গা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে
রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন (জেনোসাইড) চালিয়েছে মিয়ানমার, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই যুগান্তকারী রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের নামে জাতিগত নিধন, যৌন সহিংসতা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মতো ঘটনার যথাযথ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় বলে বিচারকেরা যে মত দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই এমনটা মনে করা হচ্ছে।
জাতিসংঘের সর্বোচ্চ আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে জাতিগত নিধনের জন্য দায়ী করল। গাজায় ফিলিস্তিনিদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় এই রায় গুরুত্বপূর্ণ আইনি নজির হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, কোনো রাষ্ট্র যখন দাবি করে, তাদের সামরিক পদক্ষেপগুলো নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে, তখন বিচারকেরা কীভাবে গণহত্যার উদ্দেশ্য যাচাই করেন, সে ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।
গতকাল বৃহস্পতিবার ৯-৬ ভোটে দেওয়া এক রায়ে আইসিজে বলেছেন, ২০১৭ সালে সামরিক অভিযানের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধন চালিয়েছিল।
আদালত বলেছেন, মিয়ানমারের কর্মকাণ্ডের একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো, একটি সংরক্ষিত জনগোষ্ঠীর অর্থাৎ উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর উল্লেখযোগ্য একটি অংশকে ধ্বংস করাই ছিল সামরিক অভিযানের উদ্দেশ্য।
দক্ষিণ আফ্রিকার মামলার জন্য এই রায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, দক্ষিণ আফ্রিকার মামলাটি মূলত এই বিষয়টি প্রতিষ্ঠিত করার ওপর নির্ভর করছে যে ইসরায়েল একটি জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠী হিসেবে ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই কাজ করেছে।
১৯৪৮ সালের জেনোসাইড সনদ অনুযায়ী, কেবল জাতিগত নিধন বা অন্যান্য নৃশংসতা চালানোই জাতিগত নিধন হিসেবে প্রমাণের জন্য যথেষ্ট নয়। বাদীপক্ষকে অবশ্যই কোনো সংরক্ষিত গোষ্ঠীকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করতে হয়।
যেখানে সরাসরি প্রমাণের মাধ্যমে সেই উদ্দেশ্য প্রতিষ্ঠা করা যায় না, সেখানে আইসিজে ঐতিহ্যগতভাবে শর্ত দিয়ে থাকেন, ধারাবাহিক আচরণের ধরন থেকে কেবল সেই যৌক্তিক সিদ্ধান্তেই পৌঁছানো সম্ভব হতে পারে।
বৃহস্পতিবারের রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সামরিক লক্ষ্য ও জাতিগত নিধনের উদ্দেশ্যের মধ্যকার সম্পর্ক। মিয়ানমার যুক্তি দিয়েছিল, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার বৈধ জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে। তাদের বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার বদলে বিদ্রোহ দমন করতে অভিযান পরিচালনা করছিল।
আদালত মিয়ানমারের সেই আত্মপক্ষ সমর্থনের যুক্তি প্রত্যাখ্যান করেছেন। আদালত বলেছেন, সামরিক বাহিনীর এই কর্মকাণ্ডের ব্যাপকতা ও ধরন তাদের কথিত নিরাপত্তার লক্ষ্য দিয়ে যথাযথভাবে ব্যাখ্যা করা যায় না।
মিয়ানমারে ২ শিশু হত্যা, গাজায় ২০ হাজার
ইসরায়েল বারবার দাবি করে আসছে, গাজায় তাদের সামরিক অভিযান ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়। বরং হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়েছে।
তবে হামাসকে পরাজিত করার ঘোষিত লক্ষ্য থাকলেই যে জাতিগত নিধনের উদ্দেশ্য থাকতে পারে না, ইসরায়েলের এমন যুক্তির বিপরীতে এই রায় দক্ষিণ আফ্রিকাকে একটি গুরুত্বপূর্ণ জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে।
রায়ের পর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারসের সাবেক প্রেসিডেন্ট মেলানি ও’ব্রায়েন মিডল ইস্ট আইকে বলেন, ‘মিয়ানমার যুক্তি দিয়েছিল, তাদের লক্ষ্য ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আদালত রায় দিয়েছেন, সব প্রমাণই গণহত্যার উদ্দেশ্যকে তুলে ধরছে। ইসরায়েলও ঠিক একই যুক্তি দেবে, তারা হামাসের বিরুদ্ধে লড়ছে।’
মেলানি আরও বলেন, ‘আদালত যেসব কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে গণ্য করেছেন, তার একটি বড় অংশ ছিল শিশু হত্যা। ইসরায়েল ২০ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে, যা মিয়ানমারের হাতে নিহত ২ হাজার শিশুর সংখ্যার চেয়ে অনেক বেশি।’
এই বিশেষজ্ঞ আরও উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, নির্যাতন ও তাদের সম্পত্তি ধ্বংসের ইতিহাসকে জাতিগত নিধনমূলক আচরণের নির্দেশক হিসেবে বিবেচনায় নিয়েছেন। গাজার মামলার রায়েও এই বিষয়ের প্রতিফলন ঘটতে পারে।
মেলানি বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণ এবং গাজা ধ্বংস করার ক্ষেত্রেও এই একই ধরনের কর্মকাণ্ড দেখা যায়।
আইসিজে ‘একই ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারে’
আইনের অধ্যাপক ও গণহত্যা বিশেষজ্ঞ নিমর সুলতানি বলেছেন, জাতিগত নিধনের ঐতিহাসিক দিকগুলো নিয়ে আদালতের পর্যবেক্ষণ গাজার মামলার জন্য বেশ শিক্ষণীয়।
নিমর সুলতানি মিডল ইস্ট আইকে বলেন, ‘জাতিগত নিধনের উদ্দেশ্য নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর চালানো আগের অভিযানগুলোর কথা যেভাবে তুলে ধরেছেন, তা আমার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। সবারই জানা আছে, ২০০০ সাল থেকে ইসরায়েল বেশ কয়েকবার গাজায় হামলা চালিয়েছে।’
জাতিগত নিধন নির্ধারণ এবং এর দায় মিয়ানমার রাষ্ট্রের ওপর চাপানোর ক্ষেত্রে বিচারকেরা যেভাবে ৯-৬ ভোটে বিভক্ত হয়েছিলেন, গাজার ক্ষেত্রেও তিনি বিচারকদের মধ্যে একই ধরনের মতবিরোধের আশঙ্কা করছেন।
লন্ডনভিত্তিক এই ফিলিস্তিনি গবেষক বলেন, ‘অনেক বেশি প্রতিকূল রাজনৈতিক পরিবেশে গাজার মামলার ক্ষেত্রেও আমরা বিচারকদের মধ্যে একই ধরনের মতবিরোধ আশা করতে পারি।’
ফিলিস্তিনি গবেষক বলেন, ‘তবে আদালতের যুক্তি ও মিয়ানমারের ঘটনায় আইনের প্রয়োগ বিবেচনা করলে এটা খুব সম্ভব বলে মনে হয়, গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতার কারণে আদালত ইসরায়েলের বিষয়েও একই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন।’
আদালত প্রমাণের উৎস হিসেবে মিয়ানমারের ওপর জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর প্রতিবেদনের ওপরও ব্যাপকভাবে নির্ভর করেছেন। আদালত বলেছেন, যেসব ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানায়, সেখানে বাস্তব প্রমাণের নির্ভরযোগ্য উৎস হলো এসব প্রতিবেদন।
ইসরায়েলের মামলার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হতে পারে। কারণ, ফিলিস্তিনি ও ইসরায়েলি, উভয়ের বিরুদ্ধে সংঘটিত কথিত নৃশংসতা তদন্তের জন্য জাতিসংঘের তদন্তকারীদের ঢুকতে দিতে ইসরায়েল বরাবরই বাধা দিয়ে আসছে। তা সত্ত্বেও, জাতিসংঘের তদন্ত কমিশন দেখতে পেয়েছে, গাজায় জাতিগত নিধন চালানো হয়েছে এবং ফিলিস্তিনি শিশুরা সরাসরি এই জাতিগত নিধন ও অন্যান্য অপরাধের নিশানা হয়েছে।
সম্ভবত গাজার মামলাটি মূল্যায়নের ক্ষেত্রেও আদালত এসব প্রতিবেদনের ওপর নির্ভর করবেন। সেই অনুযায়ী সুলতানি আশা করছেন, মিয়ানমারের তুলনায় গাজায় আদালত ‘আরও বেশি জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড’ খুঁজে পাবেন।
সুলতানি বলেন, ‘প্রকৃতপক্ষে দুর্ভিক্ষ ও অনাহারের বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিশন এবং জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশনের পর্যবেক্ষণগুলো বিবেচনা করলে এটা বলাই যায়, মিয়ানমারের মামলার চেয়ে গাজার ক্ষেত্রে আইসিজে জাতিগত নিধনের আরও বেশি ধরন শনাক্ত করতে পারবেন।’
গাম্বিয়ার আবেদনে উল্লেখ করা জাতিগত নিধনমূলক চারটি কর্মকাণ্ডের মধ্যে তিনটি মিয়ানমার ঘটিয়েছে বলে আদালত প্রমাণ পেয়েছেন। সেগুলো হচ্ছে, গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা এবং গোষ্ঠীর মধ্যে জন্মরোধ করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি চাপিয়ে দেওয়া।
তবে একটি গোষ্ঠীকে ধ্বংস করার সুপরিকল্পিত পরিস্থিতি চাপিয়ে দেওয়ার মাধ্যমে যে জাতিগত নিধন ঘটানো হয়, মিয়ানমার তা করেছে বলে আদালত প্রমাণ পাননি।
সুলতানি ব্যাখ্যা করে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া ধ্বংসাত্মক পরিস্থিতি, যার মধ্যে দুর্ভিক্ষ, অনাহার এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার মতো বিষয়গুলো রয়েছে, সে সম্পর্কে জাতিসংঘের সংস্থাগুলোর অসংখ্য প্রতিবেদন রয়েছে। ফলে গাজার মামলায় এই নির্দিষ্ট বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক ও শক্তিশালী হবে।
আইসিজে ইসরায়েলকে জাতিগত নিধনমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে এবং এ ধরনের কাজ থেকে বিরত থাকতে একাধিক অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছেন। কিন্তু জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নিষিদ্ধ কর্মকাণ্ড চালিয়েই যাচ্ছে। তারা আদালতের আইনগতভাবে বাধ্যতামূলক আদেশ উপেক্ষা করেছে।
সূত্র: প্রথম আলো
-
কনটেন্ট বানিয়েই পুরস্কার, ২৫ লাখ টাকার আয়োজনে আবেদন করবেন যেভাবে
-
নতুন সনদ পেল ১২ প্রতিষ্ঠান, বাংলাদেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২টি
-
‘ক্যানসার মানেই থেমে যাওয়া নয়’ বার্তা নিয়ে ৩০০ কিলোমিটার দৌড়াবেন পার্থ
-
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় ইসরায়েলের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে
-
আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি
-
বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেম উন্মোচন
-
‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন
-
ফটিকছড়িতে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র করবে বারাকা–ইনফ্রাকো
-
এক দিনে কেন ২৪ ঘণ্টা, এক ঘণ্টায় কেন ৬০ মিনিট
-
বাড়ির উঠানে বসে ফোনে মেয়ের সঙ্গে কথা বলছিলেন, মাথায় আঘাত করে বৃদ্ধার গয়না ছিনতাই
-
নদীর বুকে বন্ধুদের হাট
-
বিএনপির একজনকে মারধর করলে আওয়ামী লীগের ১০ জনকে মারব: বিএনপি নেতার হুঁশিয়ারি
-
সিঙ্গাপুর সরকার কেন ডেটিং অ্যাপ চালু করল
-
টিভির পর্দায় রঙের নতুন দুনিয়া, দেখার অভিজ্ঞতা বদলে দিচ্ছে মাইক্রো আরজিবি
-
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?