১১ হাজার কোটি টাকার রেলপথে ট্রেন চলার কথা ২৮টি, চলছে ১০টি
দেশের সবচেয়ে বড় পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ চালুর পর ট্রেনে যাতায়াতে যাত্রীদের আগ্রহ বেড়েছে। অল্প সময়ের মধ্যে রেলওয়ের আয়বর্ধক রুটগুলোর একটি হয়ে উঠেছে এই রেলপথ। কিন্তু প্রকল্প বাস্তবায়নের আগে এই পথে যে পরিমাণ ট্রেন চলাচলের পরিকল্পনা করা হয়েছিল, তিন বছরেও তা পূরণ করতে পারেনি রেলওয়ে। ১১ হাজার ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলপথে ২৮টি ট্রেন চলার কথা; কিন্তু বর্তমানে চলছে মাত্র ১০টি।
সক্ষমতার তুলনায় কম ট্রেন চলাচল করায় নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের বিকল্প হিসেবে পর্যটকদের সড়কপথে যেতে হচ্ছে। প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে সড়কপথও ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়াতে না পারায় রেলওয়ে রাজস্ব আয়ের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারছে না।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই পথে ট্রেনের সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব। এতে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে কক্সবাজারের যোগাযোগ বাড়বে। এর মাধ্যমে শুধু কক্সবাজারের পর্যটন নয়, অন্যান্য অঞ্চলের পর্যটন বিকাশেরও সম্ভাবনা তৈরি হবে। বাড়বে অর্থনৈতিক কর্মকাণ্ড।
কিন্তু এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না ইঞ্জিনের সংকটের কারণে। রেলওয়ের পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে ট্রেন চালানোর জন্য পর্যাপ্ত ইঞ্জিনের জোগান দিতে পারছে না। নিয়মিত ট্রেনগুলো চালাতে প্রয়োজন ১১৫ থেকে ১১৯টি ইঞ্জিন। বিপরীতে ইঞ্জিন চালু আছে ৭০ থেকে ৭৫টি। ইঞ্জিনের অভাবে মাঝেমধ্যে বিভিন্ন পথে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মোহাম্মদ সফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজার রেলপথে যাত্রীদের প্রচুর চাপ। এ পথে নতুন ট্রেন চালু করা এবং বিদ্যমান রুটের ট্রেন কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া প্রয়োজন। তাঁদেরও চেষ্টা আছে; কিন্তু পর্যাপ্ত ইঞ্জিন ও কোচের কারণে পরিকল্পনা অনুযায়ী ট্রেন চালানো সম্ভব হচ্ছে না।
রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার রেলপথে প্রতিদিন ১৪ জোড়া বা ২৮টি ট্রেন চলাচলের সক্ষমতা রয়েছে। বর্তমানে চলছে মাত্র পাঁচ জোড়া। চট্টগ্রাম থেকে একটি র্যাক (ইঞ্জিন ও বগি মিলে একটি ট্রেন সেট) ব্যবহার করে দুই জোড়া ট্রেন চালানো হয়। এতে প্রায় সময় ট্রেনের সময়সূচি গড়বড় হয়। আর বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে যে ট্রেন চলাচল করে, তার আসন ও সেবার মান নিয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত ট্রেনটিতে কোনো শীতাতপনিয়ন্ত্রিত (এসি) কেবিন বা আসন নেই। এ কারণে চট্টগ্রামের অনেকেই এই ট্রেন ব্যবহারে আগ্রহী হন না।
ঢাকা থেকে দুই জোড়া বিরতিহীন এবং এক জোড়া আন্তনগর ট্রেন চলাচল করছে। ২০২৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। সর্বশেষ গত ২৬ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হয়।
আয় বাড়ানোর সুযোগ হাতছাড়াকক্সবাজার রেলপথ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল পর্যটননগরীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন এবং যাত্রী পরিবহনের নতুন সুযোগ তৈরি করা। ২০২৩ সালের ডিসেম্বরে এই পথে ট্রেন চলাচল শুরু হয়। এর পর থেকে পর্যটকদের কাছে রেলপথটি জনপ্রিয়তা পেয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো প্রায় ৯৪৭ কোটি টাকা ভাড়া আদায় করে। এর মধ্যে কক্সবাজার রুটে চলাচলকারী চার জোড়া ট্রেন থেকেই আয় হয়েছে ১৪০ কোটি ৭০ লাখ টাকা, যা পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর মোট আয়ের প্রায় ১৫ শতাংশ। ওই অর্থবছরে এই চার জোড়া ট্রেনে যাতায়াত করেছেন ২৩ লাখ ৮০ হাজার যাত্রী। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ৬ হাজার ৫২১ জন যাত্রী এই রুটে যাতায়াত করেছেন।
এই আয় ও যাত্রীর সংখ্যা কক্সবাজার রেলপথের বাণিজ্যিক সম্ভাবনার প্রমাণ দেয়। এরপর মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় এই রুটে ট্রেনের সংখ্যা আরও বেড়েছে। এতে বছরে ৫০ কোটি টাকা বেশি আয় হতে পারে। কিন্তু অবকাঠামোগত সক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ইঞ্জিন ও কোচের অভাবে ট্রেনের সংখ্যা বাড়ানো যাচ্ছে না।
রেলওয়ের কর্মকর্তারা বলছেন, এই পথে ট্রেনের সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। এ ছাড়া চাঁদপুর, সিলেট ও ময়মনসিংহ থেকে চট্টগ্রাম পর্যন্ত চলাচল করা কয়েকটি ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা সম্ভব।রেলওয়ের কর্মকর্তাদের মতে, ট্রেনের সংখ্যা বাড়লে শুধু টিকিট বিক্রির আয় বাড়বে না, রেলপথের ব্যবহারও বাড়বে। একই সঙ্গে কক্সবাজারে পর্যটকদের যাতায়াতের বিকল্প বাড়বে। এতে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, পর্যটনসেবা ও স্থানীয় ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরও লাভবান হওয়ার সুযোগ রয়েছে।
তবে শুধু ট্রেনের সংখ্যা বাড়ালেই হবে না; পর্যাপ্ত ইঞ্জিনের পাশাপাশি কোচ, জনবল, রক্ষণাবেক্ষণ এবং সময়মতো ট্রেন পরিচালনার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। অন্যথায় ট্রেন বাড়লেও যাত্রীসেবার মান ধরে রাখা কঠিন হবে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, কক্সবাজার রেলপথের ট্রেনগুলোকে ঘিরে যাত্রীদের ব্যাপক চাহিদা আছে। কিন্তু অন্যান্য রুটেও ট্রেন চালাতে হয়। শুধু একটি রুটকে অগ্রাধিকার দিলে হবে না। রেলওয়ে গণপরিবহন হওয়ায় সব রুটের যাত্রীদের চাহিদার বিষয়ে নজর দিতে হয়। তবে ইঞ্জিন ও কোচ কেনার প্রক্রিয়া চলছে। সেগুলো রেলের বহরে যুক্ত হলে কক্সবাজার রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা আছে।
পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি পরিবহনবিশেষজ্ঞ প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রথম আলোকে বলেন, শুধু রেললাইন করলেই হবে না; লাইন দিয়ে ট্রেন চালাতে কী পরিমাণ ইঞ্জিন-কোচ ও জনবল দরকার, তারও হিসাব করা দরকার ছিল। কিন্তু কক্সবাজার রেলপথ করার সময় এসব পরিকল্পনা করা হয়নি। পরিকল্পনার অভাবে শুধু যাত্রীরা বঞ্চিত হচ্ছেন তা নয়, রেলও রাজস্ব আয় বাড়াতে পারছে না।
সূত্র: প্রথম আলো
-
কোথাও কেউ নেই
-
১১ হাজার কোটি টাকার রেলপথে ট্রেন চলার কথা ২৮টি, চলছে ১০টি
-
কর্মক্ষেত্রে ৭৪% কর্মী এখন এআই ব্যবহার করছেন, কাজের চাহিদা বাড়ছে কি
-
সার্কেল ফেস্টের প্রথম সপ্তাহে আইফোন, পিএস৫ ও স্মার্টওয়াচ জিতলেন তিন গ্রাহক
-
আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ
-
১১ পশ্চিমা দেশের মহড়ার মধ্যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র–ড্রোন আছড়ে পড়ল পোল্যান্ডে
-
ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে
-
ঢাকা ও গোপালগঞ্জসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি, থাকবে বডি–ওর্ন ক্যামেরা, ওড়ানো হবে ড্রোন
-
গোপালগঞ্জে ছিনিয়ে নেওয়া খাবার ফেরত পান আনসার সদস্যরা, নিষিদ্ধ ছাত্রলীগ প্রচার করছে তারাই সরবরাহ করেছিল
-
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
-
আব্বার সাথে খেলা দেখা
-
নাহিদ রানা থেকে হাসান মাহমুদ—কেন পেসাররা চোটে পড়ছেন
-
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষার সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০, সপ্তাহে তিনদিন ক্লাস
-
অপেক্ষা
-
ফুটবলে দেশসেরা জোড়গাছার মেয়েদের স্বপ্নের পথে অভাবের বাধা