সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম
২১০ Shares
লালমনিরহাটের শিক্ষার্থীরা দুর্যোগ সহ্য করে জিপিএ-৫ পেয়েছে, সংসদ ভবন পরিদর্শনে নতুন অভিজ্ঞতা অর্জন করেছে।

ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের জনপদ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা। সেখানকার প্রত্যন্ত গ্রাম জোংড়া থেকে প্রতিদিন চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যেতেন মেহেরিন খন্দকার। গ্রামে প্রায়ই লোডশেডিং হতো। রাতে পড়াশোনায় বিঘ্ন ঘটত বলে দিনের আলোতেই পড়া শেষ করতে ভোরে ঘুম থেকে উঠতেন তিনি। এমন নানা প্রতিকূলতা জয় করে পাটগ্রামের পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন মেহেরিন। এসএসসিতেও ছিল তাঁর একই ফল।

মফস্‌সলের সেই কঠিন দিনগুলো পেরিয়ে মেহেরিনের এই সাফল্যই তাঁকে এনে দিয়েছে এক অনন্য সুযোগ। গত রোববার তিনি দাঁড়িয়েছিলেন জাতীয় সংসদ ভবনের সামনে। পাঠ্যবইয়ের পাতায় পড়া দেশের আইনসভা এবার নিজের চোখে দেখার রোমাঞ্চ তাঁর চোখেমুখে। রাষ্ট্রবিজ্ঞান পড়তে ভালোবাসেন মেহেরিন। সংসদ ভবন ঘুরে তিনি বলেন, ‘দেশের আইনসভা কীভাবে পরিচালিত হয়, তা দেখার খুব ইচ্ছে ছিল। আজ সেই ইচ্ছে পূরণ হলো।’

.বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া আরও সহজ করল জার্মানি.শুধু মেহেরিন নন, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার এমন ৪১ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী রাজধানীতে এসেছিলেন। জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যন্ত জনপদ থেকে আসা এসব শিক্ষার্থীর কাছে এই সফর ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

দলের আরেক সদস্য হাতীবান্ধার শারমীন আক্তার সীমানা। আলিমুদ্দিন সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার। তাঁর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়া। দেশে স্নাতক শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাও আছে তাঁর।

সংসদ ভবন দেখে মুগ্ধ সীমানা বলেন, ‘লুই আই কানের এই অনবদ্য স্থাপনার কথা বইয়ে পড়েছি। আজ বাস্তবে দেখলাম। ভবনটিকে যে পাশ থেকেই দেখি, পরিপূর্ণভাবে দেখতে পাই। এত বড় স্থাপনার সঙ্গে লেকের সবুজ পানি আমাকে মুগ্ধ করেছে।’

.এই দলে ছিলেন আলিমুদ্দিন সরকারি কলেজের আরেক শিক্ষার্থী ইয়ামিন বিন আসাদ মাহিন। কলেজশিক্ষক বাবার আদর্শে বেড়ে ওঠা মাহিন এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষাতেই মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তাঁর এখনকার লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।

.সংসদ ভবন পরিদর্শন ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে ইয়ামিন বিন আসাদ মাহিন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এমন বিশাল আয়োজন দেখা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি সামনের কঠিন পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।’

.বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন.দূর জনপদ থেকে বড় স্বপ্ন—

পাটগ্রাম ও হাতীবান্ধার এসব শিক্ষার্থীর সাফল্যের পেছনে রয়েছে নানা সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প। যাতায়াতের কষ্ট কিংবা প্রত্যন্ত এলাকার নানা অসুবিধা তাঁদের স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। এই শিক্ষাসফরে শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

শিক্ষার্থীদের এই সাফল্যের বিষয়ে হাসান রাজীব প্রধান বলেন, ‘হাতীবান্ধা ও পাটগ্রাম ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত। শত প্রতিকূলতার মধ্যেও আমাদের ছেলেমেয়েরা ভালো করছে। ভবিষ্যতে তাদের শিক্ষাজীবন যাতে নির্বিঘ্নে শেষ হয়, সে বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

সূত্র: প্রথম আলো