সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

খুলনায় রাষ্ট্র আসলে কোথায়

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৩০ পিএম
৫০৬ Shares
খুলনা সন্ত্রাস নতুন দেখছে না। আশি ও নব্বইয়ের দশকে এরশাদ শিকদার ঘাট, নদী আর জমি ঘিরে ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন। দুই হাজারের প্রথম দশকের শুরুতে চরমপন্থী সর্বহারা গোষ্ঠীগুলোর হত্যা, বোমা আর অগ্নিসংযোগে নগর কেঁপেছে। ২০০৪ সালে সাংবাদিক মানিক সাহা ও হুমায...

স্কুলে পড়ার দিনগুলোর খুলনা আমার স্মৃতিতে এখনো ঝকঝকে। বড় বাজারের গলিতে সারা দিনের ভিড় আর হাঁকডাক, নিউমার্কেটের আড্ডা, বিকেলে স্টেডিয়ামে ফুটবল লিগ দেখতে গ্যালারি উপচে পড়া ভিড়, পিকচার প্যালেসের সিনেমার পোস্টার। খালিশপুর-দৌলতপুরের মিলের সাইরেন, রেল-স্টিমারের ভেঁপু। দেশের নানা

প্রান্ত থেকে কাজের খোঁজে আসা মানুষ এই শহরকে নিজের করে নিয়েছিলেন। খুলনা ছিল চকচকে এক উদার বর্ধিষ্ণু শিল্পনগরী। বাসযোগ্যতায় খুলনা ছিল পছন্দের ওপরের দিকে।

অথচ সেই শহরের প্রশাসক এখন বলছেন, পরিস্থিতি না বদলালে মানুষ আর এই শহরে থাকবে না। ৯ নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানিয়েছেন, পাঁচ-ছয়টি গোষ্ঠী নীরবে লাখ থেকে কোটি টাকা চাঁদা তুলছে, ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, খুলনা পরিণত হচ্ছে এক অন্ধকার নগরে। তিনি প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে খুলনায় পাঠানোর আরজি জানিয়েছেন। ক্ষমতাসীন দলের একজন জ্যেষ্ঠ নেতা, যিনি নিজেই নগরের প্রধান নির্বাহী, তাঁকে যখন গণমাধ্যমের মাধ্যমে সরকারপ্রধানের দৃষ্টি আকর্ষণ করতে হয়, তখন প্রশ্নটা আর নিছক আইনশৃঙ্খলার থাকে না। প্রশ্ন দাঁড়ায়: খুলনায় রাষ্ট্র আসলে কতটা উপস্থিত?

.জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে চিনিয়েছিলেন বৈধ বলপ্রয়োগের একচেটিয়া দাবিদার হিসেবে। খুলনায় সেই একচেটিয়া অধিকার আজ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভাগাভাগি হয়ে গেছে। কার্যত খুলনায় বাংলাদেশ রাষ্ট্র ক্রিয়াশীল আছে তা আর বলা যাচ্ছে না!

খুলনা সন্ত্রাস নতুন দেখছে না। আশি ও নব্বইয়ের দশকে এরশাদ শিকদার ঘাট, নদী আর জমি ঘিরে ভয়ের সাম্রাজ্য গড়েছিলেন। দুই হাজারের প্রথম দশকের শুরুতে চরমপন্থী সর্বহারা গোষ্ঠীগুলোর হত্যা, বোমা আর অগ্নিসংযোগে নগর কেঁপেছে। ২০০৪ সালে সাংবাদিক মানিক সাহা ও হুমায়ুন কবীর বালুর হত্যাকাণ্ড সেই সময়ের প্রতীক। কিন্তু চব্বিশের আগস্টের পরের পর্বটি ভিন্ন এবং সম্ভবত সবচেয়ে ভয়াবহ। সাধারণ মানুষের জীবন এতটা বিপদাপন্ন এর আগে কখনো হয়নি। মঞ্জু নিজেও বলেছেন, এখনকার খুনোখুনি চরমপন্থীদের সময়কেও ছাড়িয়ে গেছে।

অপরাধের সাম্প্রতিক পরিসংখ্যান সেই দাবিকে সমর্থন করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের তথ্য উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, নগরে হত্যা মামলা ২০২১ সালে ছিল ১৫টি, ২০২৩ সালে ১৭টি; ২০২৪-এ তা বেড়ে ২৯, ২০২৫-এ ৩৪। চলতি বছরের ২৩ অক্টোবর পর্যন্তই আরও ৩৪টি। নগর ও জেলা মিলিয়ে এ বছর ওই সময়ের মধ্যে খুন হয়েছেন ৭১ জন, অর্থাৎ গড়ে প্রতি চার দিনে একটি হত্যা মামলা। পুলিশের তালিকায় ১৮১ জন সন্ত্রাসী ও ৬৯ জন চাঁদাবাজ; নয়টি গোষ্ঠী নগরকে এলাকাভিত্তিক ভাগ করে নিয়েছে।

.আমাদের কেমন পুলিশ দরকার.জুলাইয়ের দুই বছর: পুলিশ সংস্কার কেন অগ্রাধিকার হয়ে উঠল না.গোয়েন্দা পুলিশের ধারণা, নগরে অন্তত ৩০০ অবৈধ আগ্নেয়াস্ত্র ঘুরছে। জুনে চাঁদা না পেয়ে শেখপাড়ার একটি লোহার মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছিল; হাসপাতাল-ক্লিনিকও এখন চাঁদার লক্ষ্য। এই গোষ্ঠীগুলো ফেসবুকে প্রচার চালায়, ঈদে ত্রাণ বিলায়। অর্থাৎ তারা কেবল অপরাধী নয়, নিজেদের এক বিকল্প কর্তৃপক্ষ হিসেবে হাজির করছে।

পুলিশ কী করছে? জুনের শুরুতে বিশেষ যৌথ অভিযান শুরুর পর আট দিনে চার শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছিল, কিছু অস্ত্রও উদ্ধার হয়েছিল। কিন্তু খুন থামেনি। অভিযানের মধ্যেই প্রকাশ্য দিবালোকে গুলি করে মানুষ মারা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা বাড়ে, গডফাদাররা অধরা থাকেন; তালিকাভুক্তরা জামিনে বেরিয়ে আবার মাঠে নামেন। পুলিশ কমিশনার নিজেই স্বীকার করেছেন, বহু অভিযোগ থানা পর্যন্ত পৌঁছায় না। পৌঁছাবে কীভাবে? মানুষ জানে না, থানায় দেওয়া তথ্য শেষ পর্যন্ত কার হাতে যাবে। পুরোনো যানবাহন, অপ্রতুল জনবল, দুর্বল গোয়েন্দা সক্ষমতা আর অভ্যুত্থানের পর ভেঙে পড়া মনোবল: বাংলাদেশ পুলিশের এই কাঠামোগত দুর্বলতা খুলনায় নগ্নভাবে ধরা পড়ছে।

.তবে কেবল লজিস্টিকস দুর্বলতা দিয়ে ব্যাখ্যা শেষ হয় না। আমাদের অভিজ্ঞতা বলে, এ দেশে পুলিশের সাফল্য নির্ভর করে ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার ওপর। প্রথম আলোর অনুসন্ধানে খুলনা বিএনপিরই এক শীর্ষ নেতা জানিয়েছেন, আলোচিত একটি গোষ্ঠীর সদস্যরা ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটিতে জায়গা করে নিয়েছেন। দল ৩৫৫ জনকে বহিষ্কারের কথা বলছে, কিন্তু বহিষ্কার আর আশ্রয় প্রত্যাহার এক জিনিস নয়। থানার কর্মকর্তা যখন জানেন কোন অপরাধীর পেছনে কার হাত, তখন তাঁর বন্দুক ভারী হয়ে যায়।

এখানেই খুলনার সংকটের রাজনৈতিক অর্থনীতি। ২০০২ সালে নিউজপ্রিন্ট মিল, ২০১৩ সালে হার্ডবোর্ড মিল, আর ২০২০ সালের জুলাইয়ে এ অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ হয়; শুধু পাটকলেই কাজ হারান প্রায় ২৫ হাজার স্থায়ী ও ১০ হাজার অস্থায়ী শ্রমিক। এক দশকে খালিশপুর শিল্পাঞ্চলের জনসংখ্যা কমেছে ৩০ হাজারের বেশি। মজুরিভিত্তিক অর্থনীতি যেখানে সরে যায়, সেই শূন্যস্থান দখল করে চাঁদাভিত্তিক অর্থনীতি: ঘাট, ঘের, রেলের জমি, ঠিকাদারি, পরিবহন আর মাদক। কারখানার শ্রমিকের সন্তান তখন হয়ে ওঠে ‘বড় ভাই’-এর মাসোহারাভোগী সৈনিক।

.একটি সরকার যেভাবে দুর্বল হয়.সমাজবিজ্ঞানী ভাদিম ভলকভ সোভিয়েত-উত্তর রাশিয়ায় এদের বলেছিলেন ‘সহিংস উদ্যোক্তা’, যারা রাষ্ট্রের শূন্যতায় নিরাপত্তা বিক্রি করে। খুলনা আজ সেই বাজারেরই এক দক্ষিণ এশীয় সংস্করণ।

পরিহাস হলো সময়টি। পদ্মা সেতু চালুর পর দীর্ঘ মন্দার খুলনায় পুনর্জাগরণের লক্ষণ দেখা দিয়েছিল। ঢাকার সঙ্গে খুলনার দূরত্ব ঘুচেছিল, মানুষ আবার এ শহরে আসছিল। বন্ধ পাটকলের আটটি বেসরকারি ইজারায় চালু হয়েছে, নিউজপ্রিন্ট মিল ফেরানোর উদ্যোগও আলোচনায়। কিন্তু বিনিয়োগকারীর কাছে যদি প্রথম চিঠিটাই আসে চাঁদা চেয়ে সন্ত্রাসীদের কাছ থেকে, তিনি কেন খুলনায় আসবেন? ব্যবসা গোটালে কর্মসংস্থান কমবে, কর্মহীন তরুণ আবার কোনো গোষ্ঠীর খাতায় নাম লেখাবেন। এই দুষ্টচক্রের শেষে শহরটি থেকে যাবে কেবল সন্ত্রাসী গোষ্ঠী আর গুন্ডাদের হাতে।

তবু খুলনাকে বাতিলের খাতায় তোলার সময় আসেনি। এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল। চরমপন্থার দাপটও থামানো গিয়েছিল।

কিন্তু এবার সমাধান হতে হবে টেকসই, আইনের পথে। তার তিনটি শর্ত। প্রথমত, সরকারকে খুলনাকে জাতীয় অগ্রাধিকার ঘোষণা করে কেএমপিকে জনবল, যানবাহন ও প্রযুক্তি দিতে হবে, আর গডফাদারদের বিরুদ্ধে দলমতনিরপেক্ষ চিরুনি অভিযান চালাতে হবে। দ্বিতীয়ত, ক্ষমতাসীন দলকে প্রমাণ করতে হবে যে বহিষ্কার কাগুজে নয়, আশ্রয়ের সুতা সত্যিই কাটা হয়েছে। তৃতীয়ত, নাগরিক সমাজ, ব্যবসায়ী সংগঠন ও পাড়া-মহল্লার মানুষকে পুলিশের পাশে দাঁড়াতে হবে। পুলিশকে সাধারণ নাগরিকদের মধ্যে আস্থা তৈরি করতে হবে যে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত হবে। এমন বিপুল-বিস্তারী সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ একা জিততে পারবে না। পারবে তখন, যখন প্রশাসন, রাজনীতি আর নাগরিক একই দিকে দাঁড়ায়।

.আমি এখনো বিশ্বাস করি, বড় বাজারের সেই কোলাহল, স্টেডিয়ামের সেই গ্যালারি ফিরবে। প্রশ্ন শুধু একটাই: খুলনায় রাষ্ট্র কি তার পূর্ণ সক্ষমতায় ফিরবে, নাকি শহরটিকে আমরা সহিংস উদ্যোক্তাদের হাতেই ছেড়ে দেব?

কাজী মারুফুল ইসলাম অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

সূত্র: প্রথম আলো