পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত–অনুসারীদের কৌতূহলের শেষ নেই। পর্দায় যাঁদের প্রেম, রোমান্স আর সুখী দাম্পত্যের গল্প দেখে দর্শক মুগ্ধ হন, বাস্তব জীবনে তাঁদের অনেকের সম্পর্কই নানা জটিলতায় জড়িয়েছেন। বিশেষ করে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে এলে তা কখনো ভেঙে দিয়েছে দীর্ঘদিনের সংসার, কখনো কেড়ে নিয়েছে তারকার জনপ্রিয়তা, আবার কোনো কোনো ঘটনা হয়ে উঠেছে হলিউডের ইতিহাসের অন্যতম বড় বিতর্ক।
কেউ সহশিল্পীর প্রেমে পড়ে বিতর্কে জড়িয়েছেন, কারও গোপন সম্পর্ক ফাঁস করেছে সংবাদমাধ্যম, আবার কারও ব্যক্তিগত জীবনের ঘটনা পৌঁছে গেছে জাতীয় রাজনীতির আলোচনাতেও। এমনই আলোচিত সাতটি ঘটনা নিয়ে এই আয়োজন।
ব্র্যাড পিট–অ্যাঞ্জেলিনা জোলি–জেনিফার অ্যানিস্টন: হলিউডের আলোচিত ত্রিভুজ
হলিউডের প্রেমের গল্পে ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি ও জেনিফার অ্যানিস্টনের নাম একসঙ্গে উচ্চারিত হয় আজও। ২০০০ সালে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট। সে সময় তাঁরা ছিলেন হলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি; কিন্তু ২০০৫ সালে তাঁদের সম্পর্কে ছেদ পড়ে।
এরপর সামনে আসে পিট ও অ্যাঞ্জেলিনা জোলির ঘনিষ্ঠতার খবর। ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ছবির শুটিংয়ের সময়ই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে পিট ও জোলি তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। তবে তাঁদের সম্পর্ক কখন শুরু হয়েছিল, তা নিয়ে নানা আলোচনা থাকলেও জোলি বরাবরই বলেছেন, পিটের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠার আগে পিটের বিবাহবিচ্ছেদ হয়েছিল।
অন্যদিকে অ্যানিস্টনের জন্য বিষয়টি সহজ ছিল না। বিচ্ছেদের পর দীর্ঘদিন সংবাদমাধ্যমের আলোচনায় ছিলেন তিনি। পিট ও জোলির সম্পর্ককে ঘিরে তৈরি হয় তুমুল আগ্রহ। তাঁদের সন্তান, বিয়ে, বিচ্ছেদ—সবকিছুই পরিণত হয় আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যমের প্রধান আলোচনায়।
২০১৪ সালে বিয়ে করেন পিট ও জোলি; কিন্তু ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। যে সম্পর্ক একসময় হলিউডের সবচেয়ে আলোচিত প্রেমের গল্প হয়ে উঠেছিল, সেটিই পরে পরিণত হয় দীর্ঘ আইনি লড়াইয়ের বিষয়ে।
ইনগ্রিড বার্গম্যান: প্রেমের কারণে মার্কিন সিনেটেও নিন্দার মুখে
এখন তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়; কিন্তু ১৯৪৯ সালে এমন এক ঘটনা ঘটেছিল, যা হলিউডের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে। সেই বিতর্কের কেন্দ্রে ছিলেন কিংবদন্তি অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান।
‘কাসাব্লাঙ্কা’, ‘গ্যাসলাইট’সহ একাধিক ছবিতে অভিনয় করে তখন তিনি হলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন। বিবাহিত বার্গম্যান ইতালীয় পরিচালক রবার্তো রোসেলিনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের পরিচয় ‘স্ট্রোম্বোলি’ ছবির কাজ করতে গিয়ে। দুজনই তখন বিবাহিত। পরে বার্গম্যান অন্তঃসত্ত্বা হন এবং তাঁদের সন্তান জন্ম নেয়।
সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ধর্মীয় সংগঠনগুলো তাঁর ছবির বিরুদ্ধে প্রচার শুরু করে। এমনকি ১৯৫০ সালে মার্কিন সিনেটর এডউইন জনসন সিনেটের অধিবেশনে বার্গম্যানের কঠোর সমালোচনা করেন। তাঁকে নৈতিক অবক্ষয়ের প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়।
বিতর্কের কারণে বার্গম্যানকে যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে থাকতে হয়। তাঁর ক্যারিয়ারেও বড় ধাক্কা আসে। প্রায় সাত বছর পর ‘আনাস্তাশিয়া’ ছবির মাধ্যমে হলিউডে ফেরেন তিনি। ছবিটির জন্য দ্বিতীয়বারের মতো অস্কার জেতেন। পরবর্তী সময়ে আরও একটি অস্কার পান এই অভিনেত্রী। ১৯৭২ সালে মার্কিন কংগ্রেসেও তাঁর বিরুদ্ধে অতীতের আক্রমণের জন্য দুঃখ প্রকাশ করা হয়।
এলিজাবেথ টেলর–এডি ফিশার–ডেবি রেনল্ডস: বন্ধুর স্বামীর প্রেমে অভিনেত্রী
হলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রেমের ত্রিভুজগুলোর একটি এটি। একদিকে অভিনেত্রী ডেবি রেনল্ডস, অন্যদিকে তাঁর স্বামী সংগীতশিল্পী এডি ফিশার; আর তৃতীয়জন হলিউডের অপরূপ সুন্দরী অভিনেত্রী এলিজাবেথ টেলর।
ডেবি রেনল্ডস ও এডি ফিশার ছিলেন সে সময়ের জনপ্রিয় দম্পতি। তাঁদের বন্ধুত্ব ছিল এলিজাবেথ টেলরের সঙ্গেও; কিন্তু ১৯৫৮ সালে টেলরের স্বামী চলচ্চিত্র প্রযোজক মাইক টড বিমান দুর্ঘটনায় মারা যাওয়ার পর পরিস্থিতি বদলে যায়। শোকাহত টেলরের পাশে দাঁড়ান ফিশার। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
একপর্যায়ে ফিশার স্ত্রী ডেবি রেনল্ডসকে ছেড়ে টেলরের সঙ্গে সম্পর্কে জড়ান। ১৯৫৯ সালে রেনল্ডসের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার মাত্র তিন ঘণ্টা পর টেলরকে বিয়ে করেন ফিশার।
ঘটনাটি সে সময় হলিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে রেনল্ডস ও টেলরের বন্ধুত্ব ভেঙে যাওয়ার বিষয়টি মানুষের আলোচনায় ছিল। ফিশারের জনপ্রিয় সংগীতজীবনও এই বিতর্কের ছায়ায় পড়ে যায়। লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে লিখেছিল, এই ঘটনা ফিশারের ক্যারিয়ারকে কার্যত ধ্বংস করে দিয়েছিল, অন্যদিকে টেলরকে ঘিরে তৈরি হয়েছিল নতুন ধরনের তারকাখ্যাতি।
বহু বছর পর অবশ্য টেলর ও রেনল্ডসের সম্পর্কের বরফ গলে। একসময়কার এই প্রেমের ত্রিভুজ পরিণত হয় হলিউডের অন্যতম স্মরণীয় ব্যক্তিগত বিতর্কে।
জুড ল: সন্তানের দেখাশোনার দায়িত্বে থাকা নারীর সঙ্গে সম্পর্ক
২০০৫ সালে ব্রিটিশ অভিনেতা জুড লকে ঘিরে এমন এক খবর প্রকাশ্যে আসে, যা তাঁর ব্যক্তিগত জীবনকে বড় সংকটে ফেলে। সে সময় অভিনেত্রী সিয়েনা মিলারের সঙ্গে বাগদান হয়েছিল তাঁর। দুজনের প্রেম নিয়ে ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে।
কিন্তু জুড লের সন্তানের দেখাশোনার দায়িত্বে থাকা ডেইজি রাইটের সঙ্গে তাঁর সম্পর্কের খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি পাল্টে যায়। খবরটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জুড ল নিজেই প্রকাশ্যে ক্ষমা চান। সিয়েনা মিলারের কাছে তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।
তবে ক্ষমা চাইলেও সম্পর্কের ক্ষত সহজে সারেনি। ভেঙে যায় তাঁদের বাগদান। একসময় অবশ্য দুজন আবার কাছাকাছি এসেছিলেন; কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটি টেকেনি।
এ ঘটনা জুড লের ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন সংবাদমাধ্যমের আলোচনায় রেখেছিল। পর্দার রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত এই অভিনেতার ভাবমূর্তিও বেশ চাপে পড়ে।
ক্রিস্টেন স্টুয়ার্ট: পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস, ভাঙে দুই সংসার
‘টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সহশিল্পী রবার্ট প্যাটিনসনের সঙ্গে তাঁর প্রেমের খবরও ছিল ভক্তদের কাছে দারুণ আগ্রহের বিষয়; কিন্তু ২০১২ সালে এক ঘটনায় সেই সম্পর্ক বড় ধাক্কা খায়।
সে বছর ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি প্রকাশিত হয়। ছবিগুলোতে তাঁদের চুম্বন ও অন্তরঙ্গ আচরণ দেখা যায়। তখন ক্রিস্টেন সম্পর্কে ছিলেন প্যাটিনসনের সঙ্গে, আর স্যান্ডার্স বিবাহিত ছিলেন মডেল ও অভিনেত্রী লিবার্টি রসের সঙ্গে।
ছবি প্রকাশের পর দুজনই প্রকাশ্যে ক্ষমা চান। ক্রিস্টেন তাঁর আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেন। প্যাটিনসনের সঙ্গে তাঁর সম্পর্কেও বড় সংকট তৈরি হয়। অন্যদিকে স্যান্ডার্স ও রসের দাম্পত্যেও দেখা দেয় ভাঙন। পরে তাঁদের বিচ্ছেদ হয়।
আর্নল্ড শোয়ার্জেনেগার: গৃহকর্মীর সঙ্গে সম্পর্ক, ২৫ বছরের সংসারে ভাঙন
অ্যাকশন সিনেমার জনপ্রিয় তারকা, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগারের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা ২০১১ সালে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। স্ত্রী মারিয়া শ্রাইভারের সঙ্গে তাঁর ২৫ বছরের দাম্পত্য ছিল। তাঁদের চার সন্তানও রয়েছে।
কিন্তু ২০১১ সালে জানা যায়, পরিবারের গৃহকর্মী মিলড্রেড বায়েনার সঙ্গে আর্নল্ডের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। আরও চমকে দেওয়ার মতো তথ্য ছিল, সেই সম্পর্কের ফলে ১৯৯৭ সালে তাঁদের একটি সন্তানও জন্মেছিল। এত দিন বিষয়টি গোপন ছিল। পরে সন্তানের পিতৃত্বের বিষয়টি সামনে এলে আর্নল্ড নিজেই তা স্বীকার করেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মারিয়া শ্রাইভার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যান। তাঁদের দীর্ঘদিনের সংসারে ভাঙন ধরে। আর্নল্ডও প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে তিনি এই ঘটনাকে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি বলে উল্লেখ করেন। হলিউডের পর্দায় যিনি শক্তিশালী নায়কের চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনে তাঁর এই ঘটনা ব্যক্তিগত ভাবমূর্তিতে বড় আঘাত হানে।
মেগ রায়ান: সহশিল্পীর সঙ্গে প্রেম, ভেঙে যায় দাম্পত্য
একসময় হলিউডের রোমান্টিক কমেডির সবচেয়ে জনপ্রিয় মুখ ছিলেন মেগ রায়ান। ‘হোয়েন হ্যারি মেট স্যালি’, ‘স্লিপলেস ইন সিয়াটল’ ও ‘ইউ হ্যাভ গট মেইল’ ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন; কিন্তু ২০০০ সালে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয় বড় বিতর্ক।
অভিনেতা ডেনিস কুয়েডের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল ১৯৯১ সালে; কিন্তু ‘প্রুফ অব লাইফ’ ছবিতে কাজ করতে গিয়ে সহশিল্পী রাসেল ক্রোর সঙ্গে মেগ রায়ানের ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। তখন তিনি কুয়েডের সঙ্গে বিবাহিত ছিলেন। তাঁদের সম্পর্কের গুঞ্জন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মেগ ও ডেনিসের দাম্পত্য ভেঙে যায়।
এ ঘটনায় মেগ রায়ানকে নিয়ে হলিউডে ব্যাপক আলোচনা শুরু হয়। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ট্যাবলয়েড সংবাদমাধ্যমের আগ্রহ বাড়তে থাকে। এমনকি তাঁর জনপ্রিয়তার ওপরও এর প্রভাব পড়েছিল বলে পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবেদনে আলোচনা হয়েছে।
বহু বছর পর এক সাক্ষাৎকারে মেগ রায়ান জানান, তখনকার সংবাদমাধ্যমের উপস্থাপনা তাঁর অভিজ্ঞতাকে আরও জটিল করে তুলেছিল। তাঁর মতে, মানুষের কাছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে ধারণা তৈরি হয়েছিল, বাস্তবতা তার চেয়ে অনেক আলাদা ছিল।
এন্টারটেইনমেন্ট উইকলি ও পেজ সিক্স অবলম্বনে
সূত্র: প্রথম আলো
-
‘বিশ্বকাপে ছিল বাংলাদেশও’ বইয়ের মোড়ক উন্মোচন
-
পরকীয়ার ফাঁস থেকে অবৈধ সন্তান, হলিউড তোলপাড় করা সাত ঘটনা
-
সোমজিৎ দাশগুপ্তের সাক্ষাৎকার: রাধিকামোহন সব সময় প্রাসঙ্গিক (চতুর্থ কিস্তি)
-
মণিপুর ও অরুণাচলে বাড়তি সেনা মোতায়েন করছে ভারত, কেন এই তৎপরতা
-
ইলন মাস্কের স্পেসএক্স মহাকাশ থেকে ফিরে আসা রকেট ধরে ফেলল
-
কনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ
-
প্যারালাল ইউনিভার্স
-
পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই
-
গোপালগঞ্জ ছাড়া আওয়ামীলীগের অস্তিত্ব নেই -তথ্যমন্ত্রী
-
গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
-
২১শে জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
-
এআই স্মার্ট চশমা ও আপনার গোপনীয়তা
-
ঝিনাইদহে গভীর রাতে রেলস্টেশনে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ
-
বাড়ি পরিষ্কার করতে গিয়ে উল্টো বিষাক্ত করে তুলছেন না তো? বিশেষজ্ঞরা কী করেন?
-
কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে