শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
৩২৭ Shares
ঢাকায় ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়ে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন একজন ফ্রিল্যান্সার।

ডেটিং অ্যাপে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তৌহিদ হোসেনের (ছদ্মনাম)। কথাবার্তার পরদিন দেখা করার প্রস্তাব পেয়ে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে যান তিনি। ওই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর কাছাকাছি একটি বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে। বাসায় প্রবেশের পরপরই আগে থেকেই অপেক্ষায় থাকা কয়েকজন মিলে তাঁকে আটকে ফেলেন। মারধরও করেন। তারপর শুরু হয় টাকা আদায়ের চেষ্টা।

১৩ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের অভিযানে উদ্ধার হন তৌহিদ হোসেন। ডিবির তথ্য অনুযায়ী, চার দিন আটকে রেখে তাঁর কাছ থেকে কয়েক ধাপে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌহিদ হোসেন পেশায় একজন ফ্রিল্যান্সার। মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন তিনি। স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার। কয়েকটি ডেটিং অ্যাপে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। তবে এসব অ্যাপের মাধ্যমে আগে কারও সঙ্গে যোগাযোগ করেননি বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য, প্রথমবার পরিচিত হয়ে দেখা করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েছেন।

.ডিবি সংশ্লিষ্ট সূত্র জানায়, তৌহিদ হোসেনের সামাজিক যোগাযোগ ও পরিচিত হওয়ার দুটি অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। একটি ‘কিউকে’, অন্যটি ‘হি–সে’। অ্যাপ দুটির মাধ্যমে ব্যবহারকারীরা আশপাশের এলাকার অন্যদের প্রোফাইল ও ছবি দেখতে পারেন। এরপর পছন্দ অনুযায়ী তাঁদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ রয়েছে। ‘কিউকে’ অ্যাপে ব্যক্তিগত বার্তা, ভয়েস চ্যাট ও লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে।

ডিবি সূত্র জানায়, এই ঘটনার তদন্ত করতে গিয়ে একটি প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। এই চক্র দীর্ঘদিন ধরে অ্যাপের মাধ্যমে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত। চক্রের ভাষায় এটিকে তরা বলে ‘মুরগি ধরা’। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দেখা করতে গিয়ে ফাঁদে, ধাপে ধাপে সরানো হয় টাকা

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর অ্যাপের মাধ্যমে রকি নামের এক ব্যক্তির সঙ্গে তৌহিদ হোসেনের পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে দেখা করার কথা বলে তাঁকে ডেকে নেন রকি। শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে দেখা হওয়ার পর কাছাকাছি একটি বাসায় যাওয়ার প্রস্তাব দেন তিনি। সেখানে যাওয়ার পর রকি, রনি, আসিফসহ কয়েকজন মিলে তৌহিদকে আটকে ফেলেন। ওই বাসায় আগে থেকেই আরও পাঁচ থেকে ছয়জন ছিলেন। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাসায় আটকে রেখে তৌহিদকে মারধর করা হয়। এরপর তাঁর মুঠোফোনে থাকা বিকাশ, নগদ ও ব্যাংকিং অ্যাপ পরীক্ষা করে টাকা থাকার বিষয়টি নিশ্চিত হন চক্রের সদস্যরা। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করায় তাঁর একাধিক ব্যাংক হিসাবে টাকা জমা ছিল। কোনো একটি হিসাবে বড় অঙ্কের টাকা না থাকলেও বিভিন্ন হিসাবে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে ছিল।

.তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার পর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের অনলাইন অ্যাপে প্রবেশের পিন নম্বর জেনে নেয় চক্রের সদস্যরা। পরিবারের সদস্যদের না জানানোর অনুরোধ করে তিনি পিন নম্বর দিয়ে দেন। পরে তৌহিদের বিভিন্ন ব্যাংক হিসাব থেকে টাকা বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় প্রতারকেরা। বিভিন্ন এজেন্টের মাধ্যমে ছোট ছোট অঙ্কে টাকা ক্যাশআউট করে সেই টাকা তুলে নেয় তারা। একপর্যায়ে তৌহিদের কাছে থাকা সব টাকা নেওয়ার পর তাঁর স্ত্রীর সঙ্গেও যোগাযোগ করে চক্রটি। তাঁর কাছেও মুক্তিপণের টাকা দাবি করা হয়।

ডিবি জানায়, স্ত্রীর সঙ্গে যোগাযোগের পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ১৩ নভেম্বর দুপুরে তৌহিদ হোসেনকে উদ্ধার করে ডিবি। আটকে রেখে চার দিনে তাঁর কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা নিয়ে নেওয়া হয়। পরে ওই টাকার মধ্য থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

.মাদক সেবন করতে গিয়ে পরিচয়, পরে জড়ান প্রতারণায়

ডিবির তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—মো. আসিফ (২৭), মো. আলী (২১) ও রনক হোসেন (১৮)। তাঁদের মধ্যে মো. আলী ও রনককে ওই বাসা থেকে এবং আসিফকে অন্য একটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তবে চক্রের হোতা রকি ও রনি নামের দুজন পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, আসিফ প্রথমবার এই প্রতারণায় যুক্ত হয়েছেন। তিনি কোনো কাজ করতেন না। ভবঘুরে টাইপের, সাভারে থাকতেন। কাজের আশায় চলতি মাসের ১ তারিখে ঢাকায় আসেন তিনি। ৩ নভেম্বর মাদক সেবনের সময় এক ব্যক্তির মাধ্যমে রনির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে রনির প্রস্তাবে বেশি আয়ের আশায় এই চক্রের সঙ্গে যুক্ত হন তিনি।

.একই কৌশলে আরও প্রতারণা

ডিবির কর্মকর্তারা বলছেন, এই চক্রের সদস্যরা বিভিন্ন অ্যাপে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে পরিচয় গোপন করে মানুষের সঙ্গে যোগাযোগ করে। পরে সুযোগ বুঝে দেখা করার প্রস্তাব দিয়ে তাঁদের নির্দিষ্ট স্থানে ডেকে নেয়। আটকে রেখে টাকা আদায় করা হয়। চক্রটিতে নারী ও পুরুষ—দুই ধরনের সদস্যই রয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাঁদের কাজে লাগানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চক্রটি এর আগে আরও চারটি ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে চক্রটি প্রায় ২০ লাখ টাকার হাতিয়ে নিয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। বাকী ভুক্তভোগীদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

.‘ডেটিং অ্যাপের ব্যবহার বাড়ার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র’

ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন প্রথম আলোকে বলেন, ডেটিং অ্যাপে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। সমলিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ রয়েছে, এমন ব্যক্তিরা এসব অ্যাপে বেশি যুক্ত হচ্ছেন। প্রতারিত হওয়ার পর সামাজিক লজ্জার কারণে অনেকে ঘটনা প্রকাশ করতে চান না। ফলে চক্রটির সদস্যরা সুযোগ পাচ্ছেন।

মোহাম্মদ রাকিব খাঁন আরও বলেন, চক্রের হোতারা অভিযানের সময় বাসাটিতে ছিলেন না। তাদের গ্রেপ্তার এবং হাতিয়ে নেওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের মুঠোফোন পরীক্ষা ও জিজ্ঞাসাবাদ করে আগের ঘটনাগুলো সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো