শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

এক পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন বিয়েবাড়িতে, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ চারজনের

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৮:০০ পিএম
২৫৯ Shares
সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে তাঁদের চারজনের। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে।

কক্সবাজারের রামুতে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন এক পরিবারের ছয়জন। সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার পথে রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে তাঁদের চারজনের। নিহত ব্যক্তিদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তাঁর তিন বছর বয়সী শিশু সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০)। আহত ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর তাঁরা ছয়জন রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তাঁদের বহনকারী অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং গুরুতর আহত হন আরও কয়েকজন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার পরিদর্শক মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তাঁর ভাষ্য, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, ট্রেন আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং অতিক্রমের চেষ্টা করছিল। চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনায় চারজনের প্রাণ গেল।

সূত্র: প্রথম আলো