সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে বসে চড়ুই পাখির মিলনমেলা

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ এএম
৩৭৬ Shares
প্রতিদিন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীরা দু-চোখ ভরে উপভোগ করছেন এ দৃশ্য।  

প্রতিদিন সন্ধ্যা নামার আগে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসে হাসপাতালের বাগানের গাছের ডালে। কিছুক্ষণ পর গাছের ডাল, পাতা আর ফুলের আড়ালে ঢেকে যায় হাজারো চড়ুই পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রাতভর সেখানেই কাটে তাদের।

ভোরের আলো ফুটতেই আবার দল বেঁধে চড়ুই পাখি উড়ে যায় খাবারের খোঁজে। প্রায় সাত বছর ধরে বছরের নির্দিষ্ট কয়েক মাস এমন দৃশ্যের দেখা পাওয়া যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালের দুটি চত্বরে। দেখে মনে হয় হাসপাতালের চত্বর দুটি যেন হাজারো চড়ুই পাখির ‘এক টুকরা রাজ্য’। প্রতিদিন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীরা দু-চোখ ভরে এ দৃশ্য উপভোগ করছেন।

মতলব দক্ষিণ উপজেলা সদরের খানিকটা দক্ষিণে মতলব-বাবুরহাট সড়কের পশ্চিম পাশে আইসিডিডিআরবির মতলব হাসপাতালের অবস্থান। হাসপাতালের আয়তাকার বিশাল ভবনের মাঝখানে দুটি চত্বর। সেখানে রঙ্গন, কতবেল, পেয়ারা, মাধবীলতা ও হাসনাহেনাসহ আরও নানা ফুল-ফলের সাজানো বাগান। গত শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই হাসপাতালে অবস্থান করে দেখা যায়, হাজারো চড়ুই পাখি উড়ে এসব গাছের ডালে আসছে, বসছে। হাসপাতালের ছাদে ও রেলিংয়েও বসে আছে চড়ুই পাখি। সন্ধ্যার শেষ হতেই হাজারো চড়ুই পাখির উপস্থিতি হয় সেখানে। গাছের ডালে ডালে, পাতায় পাতায় এবং ফুল ও ফলের ওপর বসে চড়ুই পাখি। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে গোটা হাসপাতাল এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ যেন এক টুকরা চড়ুই পাখির রাজ্য। এ দৃশ্য দেখতে রোগী ও রোগীর স্বজনেরা হাসপাতালের বারান্দায় এসে ভিড় করেন। কেউ শখ করে এ অপূর্ব দৃশ্যের ভিডিও করছেন, কেউ বা ছবি তুলছেন। এ যেন মানুষ ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। বাইরে থেকে লোক এসেও উপভোগ করছেন এ দৃশ্য।

এ বিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি জেনেছেন। চড়ুই পাখির এ মিলনমেলা দেখতে ওই হাসপাতালে যাবেন। মানুষ, পাখি ও প্রকৃতির নিরাপদ সহাবস্থানকেই জানান দেয় এটি। ঘটনাটি তাৎপর্যপূর্ণ।

কখন আসে চড়ুই, থাকে কতক্ষণ

হাসপাতাল চত্বরে প্রতিদিন হাজারো চড়ুই পাখির আনাগোনা ও কিচিরমিচির শব্দ উপভোগ করার কথা জানিয়েছেন আইসিডিডিআরবির মতলব হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক চন্দ্রশেখর দাস। নিজের মুগ্ধতার কথা জানিয়ে প্রথম আলোকে তিনি বলেন, প্রায় সাত বছর ধরে তাঁর হাসপাতালের আয়তাকার ভবনের মাঝখানের দুটি চত্বরে ফুল ও ফলের বাগানে প্রতিদিন সন্ধ্যার আগে হাজারো চড়ুই পাখি উড়ে আসে। বসে গাছের ডালে, পাতায়, ফুল ও ফলের ভাঁজে ভাঁজে। তখন চড়ুই পাখি ও গাছের ডাল পাতা হয়ে ওঠে একাকার। চড়ুই পাখির কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে হাসপাতাল এলাকা। সন্ধ্যার পর বন্ধ হয় কিচিরমিচির শব্দ। রাতে চুপটি মেরে বসে থাকে পাখির দল।

চন্দ্রশেখর দাস আরও বলেন, সারা রাত হাসপাতালের বাগানে থেকে ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দল বেঁধে উড়ে যায় তারা। এভাবে প্রায় সাত বছর ধরে এখানে বসছে চড়ুই পাখির মিলনমেলা। মাঝে এক বছর (গত বছর) আসেনি তারা। কেন আসেনি এর কারণ খুঁজে পাচ্ছেন না। বছরের আগস্টে এসে টানা মে মাস পর্যন্ত থাকে তারা। এ সময়টা হাসপাতালের চত্বর যেন চড়ুই পাখির নিরাপদ ‘রাত্রিনিবাস’। হাসপাতালের রোগী বা কর্মরত কেউই এদের বিরক্ত করেন না।

প্রায় অভিন্ন কথা হাসপাতালটির চিকিৎসক মো. সারোয়ার জাহান, মো. কামরুল ইসলাম, কর্মচারী কবির হোসেন ও আ. হান্নানসহ আরও অনেকের।

নোয়াখালীর চাটখিল থেকে ডায়রিয়ায় আক্রান্ত বৃদ্ধ বাবাকে এ হাসপাতালে নিয়ে এসেছেন ফাতেমা আক্তার নামে এক তরুণী। তিনি বলেন, হাসপাতালের বাগানে সন্ধ্যায় এত চড়ুই পাখির দৃষ্টিনন্দন দৃশ্য দেখে তিনি আপ্লুত ও মুগ্ধ। ‘এত চড়ুই পাখি একসঙ্গে জীবনেও দেখি নাই। খুব ভালো লাগতাছে। ভিডিও কইরা রাখছি। ছবিও তুলছি।’ এমন প্রতিক্রিয়া জানালেন সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি। তাঁর বাড়ি নোয়াখালী জেলায়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত শুক্রবার এ হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন অনেকটাই সুস্থ। বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

হাসপাতাল চত্বর কেন নিরাপদ

চড়ুই পাখির দল ওই হাসপাতাল চত্বরের বাগানকে কেন বেছে নিয়েছে—এ বিষয়ে জানতে কথা হয়, মতলব সরকারি ডিগ্রি কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার রায়ের সঙ্গে। তিনি বলেন, পাখিরা তাদের নিজস্ব ব্যাকরণ ও নীতি মেনে চলে। যেখানে নিরাপদ মনে করে, দল বেঁধে তারা সেখানেই যায় সাধারণত। নিরাপদ মনে করে চড়াই পাখিও হাসপাতালের এ বাগানটি বেছে নিয়েছে।

রাতের বেলায় পাখিরা কেন চুপ থাকে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অধিকাংশ পাখি রাতের বেলায় তেমন দেখতে পায় না। এ জন্য পাখিরা রাতে সাধারণত চুপচাপ থাকে।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

এ বিষয়ে কথা হয় আইসিডিডিআরবির মতলব হাসপাতালের স্টেশনপ্রধান আল ফজল খানের সঙ্গে। তিনি বলেন, তাঁর হাসপাতাল চত্বরের বাগানে এত সংখ্যক চড়ুই পাখির আগমনের বিষয়টি ইতিবাচক। প্রকৃতি, পাখি ও মানুষের এ এক অপূর্ব মিলনমেলা। খুব ভালো লাগছে।

সূত্র: প্রথম আলো