ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম'
ইটভাটার কারণে কোনো এলাকার মানুষ কতটা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তা জানা যাবে অনলাইন ট্র্যাকার থেকে। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘iterbhata.com’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে দেশের ইটভাটাগুলোর অবস্থান, ভাটার ধরন এবং সেগুলোর কারণে সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার’ শীর্ষক অনুষ্ঠানে ট্র্যাকারটির উদ্বোধন করা হয়। গবেষণাপ্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘এই ট্র্যাকার দেখলেই আমরা বুঝতে পারব কোন ইটভাটা কতটুকু দূষণ করছে। এর মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাজ করা অনেক সহজ হবে। এ ধরনের ট্র্যাকার ভবিষ্যতে আরও দূষণকারী যেসব শিল্প যেমন সমিল, হাসকিং মিল, এমনকি বন উজাড়ের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হতে পারে।’
.ট্র্যাকারটির অন্যতম উদ্যোক্তা ও গবেষক দলের প্রধান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন বলেন, মূলত জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ট্র্যাকার তৈরি করা হয়েছে। মানুষ এর মাধ্যমে নিজের এলাকার ইটভাটার দূষণ পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন। সেই তথ্যের ভিত্তিতে তাঁরা রাজনৈতিক নেতৃত্ব ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সুজানা করিম বলেন, প্রত্যেক মানুষের তাঁর তথ্য জানার অধিকার আছে। এই ট্র্যাকার মানুষকে সেই সুযোগ সৃষ্টি করে দেবে।
.অনুষ্ঠানে জানানো হয়, ট্র্যাকার তৈরিতে স্যাটেলাইট চিত্র ও মেশিন লার্নিং মডেল ব্যবহার করে দেশের সক্রিয় ইটভাটাগুলো শনাক্ত করা হয়েছে। ভাটাগুলোর অবস্থান অক্ষাংশ ও দ্রাঘিমাংশের মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি সেগুলোর ধরনও চিহ্নিত করা হয়েছে। এরপর ‘অরবিট’ নামের একটি বায়ুমান মডেল ব্যবহার করে ভাটার ধরন, আবহাওয়া, বাতাসের গতিপথ এবং আশপাশের জনসংখ্যার ঘনত্ব বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে প্রতিটি ভাটার কারণে বছরে আনুমানিক কতটা স্বাস্থ্যক্ষতি হচ্ছে, তা হিসাব করা হয়েছে।
প্রাথমিকভাবে দেশের ৪৪টি জেলা ও ১৬৮টি উপজেলার তথ্য যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো বাংলাদেশকে এই ট্র্যাকারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
.দূষণের কারণে আয়ু কমছে ৫ দশমিক ৫ বছর
অনুষ্ঠানের পর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের (একিউএলআই) ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বায়ুদূষণের মাত্রা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের তুলনায় এ দূষণের মাত্রা ১২ গুণের বেশি। বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু প্রায় ৫ দশমিক ৫ বছর কমছে। শুধু ঢাকা জেলায় কমছে প্রায় সাত বছর।
দেশে ছয় হাজারের বেশি ইটভাটা রয়েছে। এসব ভাটা মূলত নভেম্বর থেকে মে মাস পর্যন্ত চালু থাকে। শীতকালে ভাটা থেকে নির্গত দূষিত বায়ু আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। বায়ুদূষণের কারণে ফুসফুসের বিভিন্ন রোগ, ফুসফুসের ক্যানসার, হৃদ্রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
গবেষকদের মতে, অল্পসংখ্যক ইটভাটা মোট স্বাস্থ্যক্ষতির বড় একটি অংশের জন্য দায়ী। তাই সবচেয়ে ক্ষতিকর ভাটাগুলো চিহ্নিত করে সেগুলোর দূষণ কমাতে পারলে বিপুলসংখ্যক মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।
সূত্র: প্রথম আলো
-
এনভিডিয়াতেই ফিরে এলেন টয়লেট পরিষ্কার থেকে এআই সাম্রাজ্য গড়ে তোলা টেক জিনিয়াস জেনসেন হুয়াং
-
মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
-
সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার
-
ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম'
-
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঠিক কী হচ্ছে?
-
কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক
-
ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন
-
বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
-
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, পথে নবজাতকের মৃত্যু
-
ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্সে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
-
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী
-
যশোরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
-
রূপপুরের বিদ্যুতের দাম কত দাঁড়াবে, মানুষের খরচ কমবে কি
-
১৬৭ বছরের অমীমাংসিত রিম্যান হাইপোথিসিস সমাধান করল এআই
-
এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত