শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ১১:০০ পিএম
৫৩৭ Shares
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার প্রতীক হয়ে উঠেছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড কার্টুনে পরিণত হয়েছে মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেছেন, ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোনো স্থান নেই।

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের দাড়িয়াপাড়ায় নিজের বাড়ি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর আগে আজ ভোরে তাঁর বাড়ির প্রধান ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার তামাশা এখন কার্টুনের মতো হয়ে গেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ছোটখাটো ককটেল মেরে “জয় বাংলা” বলে দৌড়, কোথাও আগুন জ্বালিয়ে “জয় বাংলা” বলে দৌড়। এরা সন্ত্রাসী কার্টুনে পরিণত হয়েছে।’

নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘ভোর পাঁচটার দিকে বাসায় আগুন দিয়ে পালিয়ে গেছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে “জয় বাংলা” বলে দৌড়...আর খোঁজই মেলে না। “জয় বাংলা” আজকে জাতীয়ভাবে পরিণত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘সন্ত্রাসীদেরকে কীভাবে ডিল করতে (সামাল দিতে) হয়, এ দেশের মানুষ জানে। আমাদের সরকারও ইনশা আল্লাহ জানে।’

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সহনশীল সরকার। মানুষের প্রতি আমরা সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কোথাও যদি কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। আওয়ামী সন্ত্রাসীদেরও কোনো স্থান বাংলাদেশে নেই।’

হুমায়ুন কবির আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ, আর আওয়ামী লীগ নেই। তাদের নেত্রী হাসিনা আওয়ামী করতে করতে দলও ধ্বংস করছে, পরিবারও ধ্বংস করছে। এখানে যারা আছে, এদেরকেও এখন মেরে ফেলার চেষ্টা করতেছে। যেন আক্রোশ হয়েছে, আমি পালিয়ে গেছি, তোরা কেন বাঁচবি যারা দেশে আছিস। তোদেরকেও আমি শেষ করব।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আসছে। দেশের এই অগ্রযাত্রা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠী নানা ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করছে। তবে এসব করে তারা বিলীন হয়ে যাবে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্টের আবেদন হয় না। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে তাদের আনা হয়। তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে। আরও অনেক মামলা আছে অপেক্ষায়। তাঁর জায়গা কোথায়, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে।

এ সময় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আজ শুক্রবার ভোরে নগরের দাড়িয়াপাড়া এলাকায় হুমায়ুন কবিরের বাড়ির প্রধান ফটকের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, রাত তিনটা থেকে চারটার মধ্যে দুর্বৃত্তরা ন্যাকড়াজাতীয় কাপড়ে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের সদস্যরা থাকেন। তিনি সিলেটে এলে ওই বাসায় অবস্থান করেন।

সূত্র: প্রথম আলো