নড়াইলের কালিয়ায় আগুনের ঘটনায় সরেজমিনে যা দেখলেন বিবিসির সংবাদদাতা
নড়াইল থেকে কালিয়া উপজেলা সদরে ঢোকার কয়েক কিলোমিটার আগে, হাতের ডান দিকে একটি রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরে কিছুটা পথ আগালেই বেন্দারচর গ্রাম শুরু। একটু সামনে এগোতেই চোখে পড়তে শুরু করে ভাঙা, পোড়া আর বিধ্বস্ত কিছু বাড়িঘর আর দোকানপাট।
প্রথমে এমন তিনটি বাড়িতে গিয়েও সেখানে কারো দেখা মেলেনি। বিবিসি বাংলার সাংবাদিকদের উপস্থিতি দেখে তখন পাশের ভেতরের একটি বাড়ি থেকে ছুটে এলেন গৃহবধূ আরোপি বেগম।
তিনি আমাদের নিয়ে গেলেন তার বাড়িতে। ঘুরে দেখালেন ভাঙা, পোড়া আর বিধ্বস্ত তার ঘরটি।
আরোপি বেগমের স্বামী পেশায় অটোরিকশা চালক। গত শুক্রবার সন্ধ্যায় যখন বেন্দারচর গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়, তখন তার স্বামী বাড়িতে ছিলেন না। হামলা শুরু হলে সন্তানসহ তিনিও বাসা থেকে বের হয়ে যান।
মিজ বেগম বলছিলেন, "আমার ঘরের যা ছিল সব পোড়াইয়ে দিয়েছে। এক কাপড়ে বাসা দিয়ে বাইর হয়ে গেছি। যাওয়ার সময় ঘর দিয়ে টাকা পয়সা, স্বর্ণের চেন আর গোয়াল দিয়ে একটা গরুও নিয়ে গেছে। এখন নিজের ঘর ছাইড়ে আরেক বাসায় যাইয়ে উঠছি"।
তার সাথে যখন আমরা কথা বলছিলাম, তখন আশপাশের বিভিন্ন বাড়ির নারীরা ছুটে আসেন। তাদের সবারই অনুরোধ ছিল যেন পুড়ে যাওয়া ঘরগুলো আমরা ঘুরে দেখি।
এক এক করে এমন বেশ কয়েকটি ঘরে আমরা গিয়েছি। যে সব ঘরের পুরুষ সদস্যরা অনেকেই বাড়ি ছেড়েছেন, সেই দিনের পর থেকে, জানাচ্ছিলেন নারী সদস্যদের অনেকে।
বেন্দারচর গ্রামের আমরা এমন অন্তত ৬০ থেকে ৭০টি ঘর ও দোকানপাট আমাদের চোখে পড়েছে, যেগুলোর কোনটি ভাঙাচোরা, আবার কোনটি আগুনে পোড়া।
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
এই গ্রামের বাসিন্দাদের অনেকেই অভিযোগ করেছেন যে, তাদের গ্রামের অন্তত শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাদের অনেকে বাড়ির গবাদিপশু- মালামাল লুটপাটের অভিযোগও করেছেন।
পুরো গ্রাম ঘুরে সবার মধ্যে একধরনের ভীতি ও ভয়ের ছাপ দেখা গেছে। কারা এই হামলা করেছে, তা নিয়ে কেউ মুখ খুলতে চাননি। তারা দাবি করেছেন, হামলাকারীদের অনেকে মুখোশ পড়া ছিলেন ও হাতে রামদার মতো ধারালো অস্ত্র ছিল।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলী বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, 'বিক্ষুব্ধ জনতা' ১০-১২ টি ঘরবাড়ি ভাঙচুর করেছে। তিনি জানিয়েছেন, অন্যান্য মালামাল লুটপাটের তথ্য তার কাছে নেই, তবে এমন ছয়টি গরু তাদের হেফাজতে রয়েছে।
গত শুক্রবার সন্ধ্যার ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে দাবি করা হয় যে, বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে।
তবে, বেন্দারচার গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবার, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় পূজা উদ্যাপন পরিষদের সদস্যরা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছে যে শুক্রবার ওই গ্রামে হিন্দু সম্প্রদায়ের কোনো বাড়িতে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এমনকি বেন্দারচার গ্রামটিতেও কোনো হিন্দু পরিবার বসবাসও করে না।
গত বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে সংঘর্ষে দুইজন বিএনপি নেতা নিহতের পর ওইদিনই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। সেটি পাশের আরেকটি গ্রামে।
বেন্দারচর গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাড়ি রয়েছে। সেই সাথে সেই গ্রামে আওয়ামী লীগের অনেক কর্মী সমথর্কের বাড়ি রয়েছে। ওই গ্রামে গত ১৮ই নভেম্বর বিএনপির একদল কর্মী মোটর সাইকেলে করে মিছিল করছিল। সেই সময় তাদের সাথে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির স্থানীয় দুইজন নেতার মৃত্যু হয়।
বাংলাদেশের পুলিশ সদর দপ্তর থেকে শনিবার পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, "ওই হত্যাকাণ্ডের জের ধরে ২০শে নভেম্বর (শুক্রবার) বিকেল পৌনে পাঁচটার দিকে ভিকটিমদ্বয়ের বিক্ষুব্ধ আত্মীয় স্বজন উত্তেজিত অন্য লোকদের সাথে নিয়ে আকস্মিকভাবে বেন্দারচর গ্রামে একত্রিত হয়ে হত্যার ঘটনায় জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা করে চলে যায়"।
রোবরাত রাত পর্যন্ত ভাঙচুর বা আগুনের ঘটনায় কোনো মামলা বা আটকের তথ্য জানা যায়নি। অন্যদিকে বিএনপি নেতাদের হত্যার ঘটনায় রোববার একটি হত্যা মামলা হয়েছে।
শুক্রবার রাতে দেওয়া আগুনে কোনো ঘরের জিনিসপত্র পুড়েছে, কোথাও পড়েছে ধান, চাল, আসবাবপত্রসহ ঘরের নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য।
বেন্দারচর গ্রামের রহিমা বেগমের বাড়িতে রোববার দুপুরে যখন আমরা যাই, তখন তাদের একটি ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা ধানে তখনো আগুন জ্বলছিল।
বেশিরভাগ ঘরেই গিয়ে দেখা গেছে ফ্যান, ফ্রিজ, আলমারি, খাট, বিছানাপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে।
তাদের একজন জেসমিন বেগম তার ঘরটি ঘুরিয়ে দেখাতেই কান্নায় ভেঙে পড়লেন। তার ঘরের জিনিসপত্র অবশিষ্ট বলতে তেমন কিছু নাই। সেই পোড়া ঘরে কোথায় থাকবেন সন্তান নিয়ে, কোথায় মাথা গুজবেন, সেই প্রশ্নও তিনি করেছেন।
বেন্দারচর মূল সড়ক থেকে এমপি কবিরুল ইসলাম মুক্তির বাড়িতে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দুই পাশে বেশ কিছু দোকান ছিল। রোববার গিয়ে প্রতিটি দোকানই ভাঙা ও বিধ্বস্ত দেখা গেছে।
মি. মুক্তির বাড়ির চারপাশে অন্তত ১০টি ঘর রয়েছে তার স্বজন ও প্রতিবেশীদের। তার প্রায় প্রতিটি ঘরই পুড়ে ছাই হয়ে গেছে।
সেখানকার একটি ঘরে থাকতেন নাদিরা পারভীন সাথী। যিনি সম্পর্কে আত্মীয় হন মি. মুক্তির। শুক্রবার ওই ঘটনার আগে তারা যে বাড়ি ছেড়েছেন, তারপর আর ফেরেননি। রোববার বিবিসি বাংলার সংবাদদাতার উপস্থিতি জানার পর তিনি বাড়িতে ফিরে দেখছিলেন আগুনের সেই ক্ষত।
বাড়িঘরগুলোর মেঝেতে পড়ে আছে পোড়া ফার্নিচার আর হাড়ি পাতিল। এসব ঘরের বেশিরভাগ পরিবারের সদস্যরাই আশ্রয় নিয়েছেন আশপাশের বিভিন্ন বাসাবাড়িতে।
রোববার ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা। সে সময় কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান, এই ঘটনায় কে বা কারা বাড়িঘর ভাঙচুর ও আগুন দিয়েছে সেটি সম্পর্কে তাদের জানা নেই। তবে পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করছেন তারা।
অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল প্লে থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আইফোন এবং আইপ্যাড থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এক সন্ধ্যায় একটি গ্রামের এতগুলো বাড়িতে আগুন ও ভাংচুরের পর বেন্দারচর গ্রামটির বাড়িঘরে পুরুষদের উপস্থিতি একেবারেই কম ছিল।
গ্রামের প্রায় প্রতিটি পাকা রাস্তার পাশেই খাল। খাল ও রাস্তার দুই পাশে যতগুলো বাড়িঘর চোখে পড়েছে তার বেশিরভাগই পাশে দেয়াল আর ওপরে টিনের চালা। কোন কোনটি আবার কাঠের বাড়িঘর।
এমন কয়েকটি বাড়িতে গিয়ে রোববারও ধোঁয়া উড়তে দেখা গেছে। পুরুষ সদস্যরাও অনেকে নেই বাড়িতে। আর যে সব বাড়িতে হামলা ও আগুন হয়েছে বেশিরভাগ বাড়িঘরের খাট কিংবা অন্যান্য আসবাবপত্র চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।
যেমন বেন্দারচর গ্রামের জেসমিন বেগম বলছিলেন, "আমার এক গাভী, একটা ষাড় আরেকটা বাছুর ছিল। সবগুলো নিয়া গেছে। বাসার স্বর্ণের চেন, কানের দুল ছিল তাও নিয়ে গেছে। সব কিছু নিয়ে তারপর আগুন ধরায়ে দিয়ে গেছে"।
এখানকার অনেক পরিবারই দাবি করেছেন তারা কেউ রাজনীতির সাথে জড়িত না। কিন্তু সেদিন সন্ধ্যায় কেন তাদের বাড়িতে আগুন দেওয়া হলো সেই প্রশ্নের উত্তর তারাও খুঁজছেন।
তাদের অনেকে এই প্রশ্নও তুলেছেন যে ক্ষতির সম্মুখীন তারা হলে ক্ষতিপূরণ তারা পাবেন কী-না।
এমন প্রশ্ন করা হয়েছিল কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলামের কাছে। জবাব মি. ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন ১৫-২০টি ঘর আর আর ছয় থেকে সাত জনের নাম তারা পেয়েছন। তবে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কী-না সেই উদ্যোগ এখনো নেওয়া হয় নি।
সূত্র: বিবিসি বাংলা
-
মেঘনা-গোমতী পুরোনো সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি, নতুন সেতু দিয়ে চলাচলের অনুরোধ
-
দাঁড়িয়ে কথা বলছিলেন, হঠাৎ ওপর থেকে ছোড়া ককটেল পড়ে মাথায়, রক্তাক্ত জাহাঙ্গীর হাসপাতালে
-
নড়াইলের কালিয়ায় আগুনের ঘটনায় সরেজমিনে যা দেখলেন বিবিসির সংবাদদাতা
-
মিস ইউনিভার্সের ক্যাম্পে কী এমন ঘটল, মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি
-
জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা: নাহিদ
-
দেশি-বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫ দিন ব্যাপী আর্কফেস্ট ড্যাফোডিলে
-
চট্টগ্রামে রেলের নিয়োগ পরীক্ষায় নম্বরপত্রে ঘষামাজা, সাবেক মহাব্যবস্থাপকের ২ বছরের কারাদণ্ড
-
পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৭৯০ শিক্ষার্থী
-
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭১৫০
-
সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা
-
শিশুদের রক্তনালির বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা কেন হয়
-
ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের
-
নড়াইলের বেন্দারচরে ৬০টির বেশি ঘর ও দোকানে ভাঙচুর–আগুনের ক্ষতচিহ্ন, পুলিশের টহলেও কাটেনি আতঙ্ক
-
চার কিশোরের তোলা ছবির প্রদর্শনী, বিক্রির অর্থের একটি অংশ যাবে প্রতিবন্ধীদের সহায়তায়
-
ইউটিউব দেখে, চ্যাটজিপিটির সহায়তায় ঘরেই মেশিনে ইয়াবা তৈরি করছিলেন যুবক