সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

সাভার–আশুলিয়ায় ২১ কারখানায় ছুটি, সকালে অবরোধচেষ্টার সময় আহত ৩

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০২:১৫ পিএম
৩১১ Shares
সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী।

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের কারণে আজ সোমবার ২১টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় ২২টি কারখানা বন্ধ আছে। সকালে নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভকারীদের সড়কে অবস্থান ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

সকাল ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, চলমান আন্দোলনের মধ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় হা–মীম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশনসহ মোট ২২টি কারখানা এখনো বন্ধ রয়েছে। এর বাইরে দুটি কারখানায় সাধারণ ছুটি আছে।

শিল্প পুলিশের তথ্যমতে, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা আছে এক হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬টি। এসব কারখানার মধ্যে রপ্তানিমুখী ৪৭০টি।

এদিকে সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন একদল বিক্ষোভকারী। এ সময় তাঁরা একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। পরে পুলিশ ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে।

প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা নির্ধারিত সময়ে কারখানায় উপস্থিত হলেও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেননি। পরে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশপাশের আরও কয়েকটি কারখানাও ছুটি দেয় কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় কারখানার সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বেলা সোয়া ১১টার দিকে খুদে বার্তায় এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকেরা প্রথমে শিক্ষার্থীদের পরিবহন করা একটি বাসে হামলা করেন। পরে পাশের একটি কারখানায় হামলা করলে তাঁদের সরে যেতে বলা হয়।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে একটি সাউন্ড গ্রেনেড ও একটি কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করা হয় জানিয়ে মোমিনুল ইসলাম বলেন, এ সময় তাঁদের ছোড়া ইটপাটকেলের আঘাতে তিন শ্রমিক আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অবস্থা ভালো।

সূত্র: প্রথম আলো