‘একটা চাদর হবে’—যে গান বদলে দিয়েছিল জেনস সুমনের জীবন
অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন জেনস সুমন। চাদরে ঢাকা তাঁর নিথর দেহ। কয়েক হাত দূরে একটি চায়ের দোকানে বসে কয়েকজন তরুণ। তাঁদের একজন গুনগুন করে গাইছিলেন ‘একটা চাদর হবে’ গানটি। তরুণটি কি জানতেন, যাঁর গান গাইছেন, সেই শিল্পী পাশের অ্যাম্বুলেন্সেই শুয়ে আছেন?
ঠিক এক বছর আগে ২০২৫ সালের ২৮ নভেম্বর জেনস সুমনের মৃত্যুর পর এমনই এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখেছিলাম।
মানবপ্রেমের আকাঙ্ক্ষা নিয়ে যে চাদরের কথা গানে গানে বলেছিলেন জেনস সুমন, সেই চাদরই যেন ফিরে এল তাঁর জীবনের শেষ দৃশ্যে। দুই যুগের বেশি সময় ধরে যে গান শিল্পীর পরিচয় বহন করেছে, তাঁর শেষযাত্রাতেও সঙ্গী হলো সেই গান। আজ জেনস সুমনের প্রথম মৃত্যুবার্ষিকী।
যে গান বদলে দিয়েছিল জীবন
সময়টা ২০০২ সাল। তখনো দেশের সংগীতের বাজারে ক্যাসেটের দাপট। প্রিয় শিল্পীর নতুন অ্যালবামের জন্য অপেক্ষায় থাকতেন শ্রোতারা। টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠানগুলো ছিল নতুন গান জনপ্রিয় হওয়ার অন্যতম মাধ্যম। সে সময় বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত হয় ‘একটা চাদর হবে’। গানটি দিয়েই রাতারাতি পরিচিতি পেয়ে যান জেনস সুমন।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছিলেন ইথুন বাবু। একই নামের অ্যালবামে গিটার বাজিয়েছিলেন সেলিম হায়দার। জেনস সুমনের সংগীতজীবনে পঞ্চম একক অ্যালবাম ছিল এটি। অথচ ইথুন বাবুর সঙ্গে তাঁর অ্যালবাম করার পরিকল্পনা ছিল ক্যারিয়ারের শুরুর দিকেই। নানা কারণে তখন তা হয়ে ওঠেনি। কয়েক বছর পর মিউজিকম্যানিয়া স্টুডিওতে দুজনের দেখা হলে পুরোনো পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ নেন তাঁরা। সেই উদ্যোগ থেকেই আসে ‘একটা চাদর হবে’।
একটি গান যে একজন শিল্পীর পরিচয় হয়ে উঠতে পারে, জেনস সুমন ছিলেন তারই উদাহরণ।
যে নাম নিজের পছন্দের ছিল না
জেনস সুমনের প্রকৃত নাম গালিব আহসান মেহেদী। সুমন তাঁর ডাকনাম। ১৯৭৯ সালে শরীয়তপুরে জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকায়। ১৯৯৭ সালে সারগামের ব্যানারে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’।
জেনস সুমন নামটি অবশ্য তাঁর নিজের পছন্দের ছিল না। নগরবাউল জেমসের সঙ্গে তাঁর কণ্ঠের কিছুটা সাদৃশ্য থাকায় সংগীতজীবনের শুরুতে এই নাম পান তিনি। নামটি নিয়ে নানা বিড়ম্বনার কথাও পরবর্তী সময়ে জানিয়েছিলেন শিল্পী। তবে একসময় এই নামেই তৈরি করেন নিজের স্বতন্ত্র পরিচয়।
একে একে প্রকাশিত হয় তাঁর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘আয় তোরা আয়’, ‘চেরি’সহ বেশ কয়েকটি অ্যালবাম। এত গান গাওয়ার পরও শ্রোতাদের কাছে তাঁর নাম উচ্চারিত হলেই ফিরে আসত ‘একটা চাদর হবে’।
১৬ বছরের বিরতি, দেড় বছরের প্রত্যাবর্তন
২০০৮ সালে প্রকাশিত হয় জেনস সুমনের একক অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর নতুন গান প্রকাশ থেকে দীর্ঘ বিরতি। পেশাগত ব্যস্ততায় সংগীতে অনিয়মিত হয়ে পড়েছিলেন। তবে শ্রোতাদের স্মৃতি থেকে হারিয়ে যাননি।
২০২৪ সালে দীর্ঘ ১৬ বছরের বিরতি ভেঙে প্রকাশিত হয় তাঁর নতুন গান ‘আসমান জমিন’। এস আই এনজেলের কথা, সুর ও সংগীতায়োজনে গানটি প্রকাশ করে জি-সিরিজ।
দীর্ঘ এই বিরতিতে বদলে গিয়েছিল দেশের সংগীতের দুনিয়া। ক্যাসেট ও সিডির জায়গা নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম। নতুন বাস্তবতায় আবারও শূন্য থেকে শুরু করতে চেয়েছিলেন জেনস সুমন। পরিকল্পনা ছিল নিয়মিত গান প্রকাশের। নতুন করে গানে ফেরার সেই যাত্রা দীর্ঘ হয়নি। প্রত্যাবর্তনের প্রায় দেড় বছরের মাথায় মারা যান শিল্পী।
এক অ্যালবামের দুই শিল্পীর পরপর বিদায়
জেনস সুমনের মৃত্যুর সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বিষাদময় ঘটনা। যে অ্যালবাম তাঁকে দেশজুড়ে পরিচিতি দিয়েছিল, সেই অ্যালবামের গিটারিস্ট সেলিম হায়দার মারা যান তাঁর মৃত্যুর আগের রাতে।
২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান সেলিম হায়দার। পরদিন দুপুরে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে জেনস সুমনকে নেওয়া হয় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। বেলা সাড়ে তিনটার দিকে সেখানেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
২৩ বছর আগে যে অ্যালবামে একজন কণ্ঠ দিয়েছিলেন, অন্যজন বাজিয়েছিলেন গিটার। মাত্র এক দিনের ব্যবধানে চলে গেলেন দুই শিল্পী। ‘একটা চাদর হবে’র স্মৃতির সঙ্গে যুক্ত হলো তাঁদের হারানোর বেদনাও।
মৃত্যুর পরও এল নতুন গান
মৃত্যুর পরও শ্রোতাদের জন্য প্রকাশিত হয় জেনস সুমনের নতুন গান। ২০২৫ সালের ২ ডিসেম্বর প্রকাশিত হয় তাঁর গাওয়া ‘কেউ জানল না কেউ বুঝল না’। মৃত্যুর আগে রেকর্ড করে যাওয়া গানটি যেন হয়ে উঠেছিল তাঁর অসমাপ্ত সংগীতযাত্রার স্মারক।
আজ জেনস সুমনের মৃত্যুর এক বছর। যে ক্যাসেটের যুগে তাঁর উত্থান, সেই যুগ এখন অনেকের কাছে স্মৃতি। বদলে গেছে গান শোনার মাধ্যম, বদলে গেছে শ্রোতাদের প্রজন্মও। তবে কোনো চায়ের দোকানে, কোনো আড্ডায় কিংবা কারও ব্যক্তিগত গানের তালিকায় এখনো ফিরে আসে ‘একটা চাদর হবে’।
এক বছর আগে চাদরে মোড়ানো শিল্পী যখন শেষযাত্রায়, তখনো পাশের চায়ের দোকানে বেজেছিল তাঁর গান, এক অচেনা তরুণের কণ্ঠে। এর চেয়ে সুন্দর প্রাপ্তি একজন শিল্পীর জীবনে আর কী হতে পারে!
সূত্র: প্রথম আলো
-
নাশকতা ঠেকাতে ড্রোন উড়িয়ে মোটরসাইকেলে মহড়া পুলিশের
-
২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত
-
‘সাংবাদিক ফারজানা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
-
‘একটা চাদর হবে’—যে গান বদলে দিয়েছিল জেনস সুমনের জীবন
-
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
-
আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত
-
পটুয়াখালীতে হত্যা মামলার আসামী বাদশাকে আটক করেছে পুলিশ
-
আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস
-
থ্যাংকস গিভিং ডে: কৃতজ্ঞতা, ইতিহাস ও আমেরিকান ঐতিহ্য
-
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
-
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে
-
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে লেবারের ১২ বছরের শাসনের অবসান
-
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুজন গ্রেপ্তার, তাঁরা জুলাই আন্দোলনে ছিলেন দাবি পরিবারের
-
সাড়ে ৯ শতাংশ নীতি সুদহার যৌক্তিক নয়, ৭ শতাংশে নামানো উচিত: রাশেদ আল মাহমুদ তিতুমীর
-
জাতীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল ও ধ্বংস করা হয়েছে: রাষ্ট্রপতি