শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ডেঙ্গুতে শ্বাসকষ্ট, না পেটব্যথা কোনটা বিপদের

টেস্ট বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ পিএম
২২৯ Shares
ডেঙ্গুতে শ্বাসকষ্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে। গুরুতর ডেঙ্গুতে রক্তনালি থেকে তরল বেরিয়ে বুকের গহ্বরে জমতে পারে, যাকে প্লুরাল ইফিউশন বলা হয়।

ডেঙ্গু জ্বরে শ্বাসকষ্ট, কাশি কিংবা পেটব্যথা দেখা দিলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। জ্বর কমে যাওয়ার পরও এ ধরনের উপসর্গ দেখা দেওয়া জটিলতার লক্ষণ হতে পারে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ডেঙ্গু হলে সাধারণত জ্বর, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরব্যথা, বমি বমি ভাব ও ত্বকে র্যাশ দেখা দেয়।

শ্বাসকষ্ট ও কাশি কেন হয়

ডেঙ্গুতে শ্বাসকষ্টের পেছনে একাধিক কারণ থাকতে পারে। গুরুতর ডেঙ্গুতে রক্তনালি থেকে তরল বেরিয়ে বুকের গহ্বরে জমতে পারে, যাকে প্লুরাল ইফিউশন বলা হয়। ফুসফুসের চারপাশে তরল জমলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া ফুসফুসে পানি জমা, রক্তক্ষরণ, হৃদ্​যন্ত্রের সমস্যা কিংবা ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার মতো সংক্রমণও শ্বাসকষ্টের কারণ হতে পারে। অনেক সময় অতিরিক্ত স্যালাইন নিলে পানি জমে যেতে পারে। কাশি ডেঙ্গুর প্রধান বা নির্দিষ্ট লক্ষণ নয়। তবে জ্বরের সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট থাকলে ফুসফুসের সংক্রমণসহ অন্যান্য সম্ভাব্য কারণ যাচাই করা প্রয়োজন। 

.পেটব্যথা কি ডেঙ্গুর বিপদের সংকেত

ডেঙ্গুতে তীব্র বা একটানা পেটব্যথা একটি গুরুত্বপূর্ণ সতর্কসংকেত। এর সঙ্গে বারবার বমি, পেট ফুলে যাওয়া, রক্তবমি, কালো পায়খানা, অস্বাভাবিক দুর্বলতা, অস্থিরতা কিংবা প্রস্রাব কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। এসব লক্ষণ শরীরে তরলের ভারসাম্যহীনতা, রক্তক্ষরণ অথবা গুরুতর ডেঙ্গুর ইঙ্গিত হতে পারে।

ডেঙ্গুর সংকটকাল অনেক সময় জ্বর শুরুর তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে, বিশেষত জ্বর কমার সময় শুরু হতে পারে।

.কখন হাসপাতালে যেতে হবে

নিচের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যেতে হবে—

শ্বাসকষ্ট বা দ্রুত শ্বাস নেওয়া।

তীব্র বা একটানা পেটব্যথা।

বারবার বমি বা কিছুই খেতে না পারা।

নাক, মাড়ি বা অন্য স্থান থেকে রক্তপাত।

অস্বাভাবিক ঘুমঘুম ভাব, অস্থিরতা বা অজ্ঞান হয়ে যাওয়া।

হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া অথবা প্রস্রাব উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

.অতিরিক্ত তরল হিতে বিপরীত করতে পারে

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল গ্রহণ করতে বলা হয়। তবে শ্বাসকষ্ট বা শরীরে তরল জমার লক্ষণ থাকলে অতিরিক্ত তরল, বিশেষ করে শিরায় স্যালাইন দেওয়া বিপজ্জনক হতে পারে। তাই তরল দেওয়ার পরিমাণ রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করবেন। জ্বর ও ব্যথায় চিকিৎসকের পরামর্শে প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ও অন্যান্য ব্যথানাশক এড়িয়ে চলতে হবে, কারণ এগুলো রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। পেটের ভেতর রক্তক্ষরণ হলে তীব্র পেট ব্যথা হতে পারে।

ডা. নওরোজ আহমেদ রায়হান, সহকারী অধ্যাপক (বক্ষব্যাধি মেডিসিন), আলোক হেলথকেয়ার, কচুক্ষেত শাখা, ঢাকা

সূত্র: প্রথম আলো